মাত্র ২৮ বলে সেঞ্চুরি করার পর ৫২ বলেই ডাবল সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছেন ভারতের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির পর দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ৫৩ বলে ৭ চার ও ২৮ ছক্কায় ২০৪ রান করে থামেন এই বিস্ময়বালক।
দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারতীয় ‘এ’ দলের হয়ে ব্যাট করতে নেমে এই কীর্তি গড়েন সূর্যবংশী।
এর আগে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল ১০৩ বলে। ২০২৪ সালে কেন্টাবুরির হয়ে ওটাগোর বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন চাদ বয়েস। এবার সেই রেকর্ড ভেঙে মাত্র ৫২ বলেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশী।
শুধু ডাবল সেঞ্চুরিই নয়, এর আগে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ডও নিজের করে নেন ভারতের এই তরুণ ব্যাটার। মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করতে তিনি হাঁকান ১৫টি ছক্কা।
এর আগে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ২৯ বলে। ২০২৩-২৪ মৌসুমে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনো দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের দখলে। ২০১৪-১৫ মৌসুমে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩১ বলে শতক পূর্ণ করেছিলেন তিনি।

