মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম নভোচারী হিসেবে চীনের ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানে চড়ে মহাকাশে যাচ্ছেন মুহাম্মদ জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে মহাকাশযানটি উৎক্ষেপণের কথা রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জিশান আলীর নাম ঘোষণা করে চীনের মানববাহী মহাকাশ সংস্থা—চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ)। তার এই যাত্রার মধ্য দিয়ে চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী পা রাখতে যাচ্ছেন।
সিএমএসএর মুখপাত্র ঝাং জিংবো জানিয়েছেন, তিন সদস্যের এই অভিযানে জিশান আলী পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর সঙ্গে থাকবেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই। তাং হংবো মিশন কমান্ডার এবং উ ই ফ্লাইট পাইলট হিসেবে দায়িত্ব সামলাবেন।
পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, জিশান আলী প্রায় এক সপ্তাহ মহাকাশে অবস্থান করবেন। এ সময় তিনি চীনা নভোচারীদের সঙ্গে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন; পুরো অভিযানে প্রায় ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে। অভিযান শেষে গত মে মাসে তিয়াংগং স্টেশনে যুক্ত হওয়া ‘শেনঝৌ-২৩’ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরবেন তিনি।
জিয়ায়ুগুয়ানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জিশান আলী বলেন, ‘আমি পাকিস্তানের নাম ও ২৫ কোটি পাকিস্তানির আশা-আকাঙ্ক্ষা কাঁধে নিয়ে মহাকাশে যাচ্ছি।’ চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, চীনের মহাকাশচারী কেন্দ্রের প্রশিক্ষক ও কর্মকর্তাদের নিবিড় প্রশিক্ষণের ফলেই তিনি মহাকাশ ভ্রমণের দক্ষতা অর্জন করতে পেরেছেন।
পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল জিশান আলীর এই যাত্রাকে দেশের মহাকাশ গবেষণার ইতিহাসে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তার মতে, এই যৌথ অভিযান চীন ও পাকিস্তানের পারস্পরিক আস্থা ও দীর্ঘদিনের কৌশলগত সহযোগিতার প্রতিফলন।
এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা ‘সুপারকো’ এবং চীনের সিএমএসএর মধ্যে একটি সহযোগিতা চুক্তি সই হয়। ওই চুক্তির আওতায় গত এপ্রিলে পাকিস্তানের দুই পাইলট মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদকে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছিল।
বেইজিংয়ের চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে কয়েক মাসের প্রশিক্ষণ শেষে আজ জিশান আলীকে চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়। গত এপ্রিলে এই দুই পাইলটের সঙ্গে সাক্ষাৎ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছিলেন, ‘এই মহাকাশ অভিযান সমগ্র জাতির জন্য গর্বের বিষয়।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মহাকাশ কর্মসূচিতে আগে থেকেই বিভিন্ন দেশের নভোচারীরা অংশ নিলেও চীনের নিজস্ব মানববাহী মহাকাশ কর্মসূচিতে এবারই প্রথম কোনো বিদেশি নভোচারী যুক্ত হলেন। ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করা চীনের মহাকাশ কর্মসূচিতে পাকিস্তানের এই অংশগ্রহণ আন্তর্জাতিক সহযোগিতার নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।


