...|...|...

খেলা

আইপিএল নিলামে স্টোকসের চমক, সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২৪
Shares
আইপিএল নিলামে স্টোকসের চমক, সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায়

বেন স্টোকস। ছবি: সংগৃহীত

দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার বেন স্টোকস। ২০২৭ সালের আইপিএল নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য নির্ধারণ করেছেন তিনি। তারসাথে একই ভিত্তিমূল্যে নিলামে উঠছেন আরও ২৮ ক্রিকেটার। ফলে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় জায়গা পেয়েছেন মোট ২৯ জন। বাংলাদেশি মুদ্রায় স্টোকসের ভিত্তিমূল্য প্রায় ২ কোটি ৬৯ লাখ টাকা।

আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইপিএল নিলাম। এর আগে প্রকাশিত নিবন্ধিত ক্রিকেটারদের তালিকায় সর্বোচ্চ ভিত্তিমূল্যের এই ২৯ জনের মধ্যে ভারতীয় রয়েছেন মাত্র দুজন। তারা হলেন পেসার আবেশ খান ও দীপক চাহার।

সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় সবচেয়ে বেশি ক্রিকেটার নিউজিল্যান্ডের। দেশটির আটজন ক্রিকেটার ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নাম নিবন্ধন করেছেন। তারা হলেন অ্যাডাম মিলনে, বেন সিয়ার্স, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ট্রেন্ট বোল্ট ও উইলিয়াম ও’রুর্কে।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে রয়েছেন পাঁচজন করে। স্টোকস ছাড়া ইংল্যান্ডের অন্য চার ক্রিকেটার হলেন জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, সনি বেকার ও টম কারান। অস্ট্রেলিয়ার পাঁচজনের মধ্যে রয়েছেন ডেভিড ওয়ার্নার, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ঝাই রিচার্ডসন, মাহলি বিয়ার্ডম্যান ও স্পেনসার জনসন।

আফগানিস্তানের তিন ক্রিকেটার ফজলহক ফারুকি, মুজিব উর রহমান ও রহমানউল্লাহ গুরবাজও আছেন এই তালিকায়। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে রয়েছেন দুজন করে। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ও শিমরন হেটমায়ার, দক্ষিণ আফ্রিকার অ্যানরিখ নরকিয়া ও জেরাল্ড কোয়েটজি এবং শ্রীলঙ্কার মাথিশা পাতিরানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নাম লিখিয়েছেন।

দুই বছর আগে ২০২৫ সালের আইপিএল মেগা নিলামে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন স্টোকস। মূলত ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আরও কিছুদিন খেলার লক্ষ্যেই তখন নিলাম থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি। তবে ২০২৫ সালের মেগা নিলামের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নতুন একটি নিয়ম চালু করায় পরবর্তী মিনি নিলামে তার অংশ নেওয়ার সুযোগ ছিল না।

নিয়ম অনুযায়ী, আগে আইপিএলে খেলা কোনো ক্রিকেটার মেগা নিলামে নাম নিবন্ধন না করলে একই চক্রের পরবর্তী মিনি নিলামেও অংশ নিতে পারবেন না। তবে এবার নিলামে নিবন্ধনের সুযোগ পেয়েছেন স্টোকস। চলতি বছরের জুনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর আবারও আইপিএলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

২০২৪ সালের দ্য হান্ড্রেডের পর আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি এই অলরাউন্ডার। ওই টুর্নামেন্টে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন তিনি। ২০২৫ সালের শুরুতে এসএ টোয়েন্টিতে এমআই কেপটাউনের হয়ে খেলার কথা থাকলেও চোটের কারণে মাঠে নামা হয়নি তার।

আইপিএলে এখন পর্যন্ত তিনটি দলের হয়ে খেলেছেন স্টোকস। ২০১৭ সালে ১৪ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল রাইজিং পুনে সুপারজায়ান্টস। তখন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ছিলেন তিনি। সেই আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে জিতেছিলেন টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) পুরস্কার।

এরপর ২০২৩ সালে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে স্টোকসকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। তবে হাঁটুর সমস্যার কারণে ওই মৌসুমে মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। আইপিএলে সেটিই ছিল তার সর্বশেষ অংশগ্রহণ।