সেঞ্চুরিয়ন টেস্টে বড় বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় লিডের চাপে পড়েছে সফরকারীরা। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৪৯৪ রান। ফলে তাদের লিড দাঁড়িয়েছে ৪০৩ রানে। এমন কঠিন পরিস্থিতিতেও ঘুরে দাঁড়ানোর আশা দেখছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম।
দ্বিতীয় দিন খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে কথা বলেন শরিফুল। দক্ষিণ আফ্রিকাকে কত রানে আটকে রাখতে পারলে বাংলাদেশের জন্য ভালো হবে, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, যত দ্রুত সম্ভব স্বাগতিকদের ইনিংস শেষ করাই এখন দলের লক্ষ্য।
শরিফুল বলেন, ‘দেখা যাক, কত তাড়াতাড়ি…কত কমের মধ্যে (আটকে) রাখা যায়। ব্যাটারদের মধ্যে (ঘুরে দাঁড়ানোর) ওই বিশ্বাস অবশ্যই আছে।’
ম্যাচে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সুযোগ কতটা রয়েছে, এমন প্রশ্নেও আশাবাদী উত্তর দিয়েছেন বাঁহাতি এই পেসার। তার মতে, টেস্ট ক্রিকেটে যেকোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে। দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করতে পারলে ম্যাচে ফেরার সুযোগ তৈরি হতে পারে।
এ প্রসঙ্গে শরিফুল বলেন, ‘যদি দ্বিতীয় ইনিংসে ভালো কামব্যাক করতে পারি, দেখা যাক। টেস্ট খেলা, যেকোনো কিছু হতে পারে। একটা পার্টনারশিপ হলেও…আশা করা যায়।’
এদিকে জোহানেসবার্গের পর সেঞ্চুরিয়নেও বাংলাদেশের ফিল্ডিং নিয়ে হতাশা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে একাধিক ক্যাচ হাতছাড়া হওয়ায় প্রতিপক্ষের রান বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। তবে সতীর্থদের ভুল নিয়ে কঠোর মন্তব্য না করে বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন শরিফুল।
পেস বোলিং ইউনিটের পারফরম্যান্স নিয়েও নিজের মূল্যায়ন তুলে ধরেন তিনি। শরিফুলের মতে, বোলাররা প্রত্যাশা অনুযায়ী ভালো করতে না পারলেও কিছু সুযোগ তৈরি হয়েছিল। সেগুলো কাজে লাগানো সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘পেস বোলিং ইউনিট হিসেবে, আমরা তেমন ভালো বল করতে পারিনি। তাও দুয়েকটা সুযোগ এসেছে। ক্যাচ ড্রপ যেকোনো সময় হতে পারে। হয়তো ধরতে পারেনি। আশা করি পরবর্তীতে যেন শুধরে নিতে পারি।’
বড় ব্যবধানে পিছিয়ে থাকলেও বাংলাদেশের সামনে এখন দ্রুত দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ করার চ্যালেঞ্জ। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা কতটা দায়িত্ব নিতে পারেন, তার ওপরই নির্ভর করবে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা।


