ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মিনি নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন ১১ জন বাংলাদেশি ক্রিকেটার। তবে আইপিএলে বাংলাদেশের সবচেয়ে বড় দুই প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান এবারের নিলামে নাম লেখাননি। তালিকায় থাকা বাংলাদেশিদের কারও আগে আইপিএল খেলার অভিজ্ঞতা নেই।
ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রকাশিত তথ্য অনুযায়ী, নিলামে নাম দেওয়া বাংলাদেশিরা হলেন—হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ রুবেল।
এবারের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার বেন স্টোকসও; তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। সব মিলিয়ে নিলামে নিবন্ধন করেছেন ১ হাজার ২২০ জন ক্রিকেটার, যার মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি।
ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াডে ফাঁকা জায়গা আছে ৬৬টি, এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের কোটায় জায়গা রয়েছে ২৫টি। এর আগে আইপিএলে খেলা স্টোকস অধিনায়ক খুঁজতে থাকা দলগুলোর কাছে অন্যতম প্রধান পছন্দ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। ইতিমধ্যে প্রাথমিক নিবন্ধনের তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো হয়েছে। অতিরিক্ত কোনো ক্রিকেটারকে তালিকায় যুক্ত করতে চাইলে আগামী ২৭ নভেম্বরের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানাতে হবে দলগুলোকে।
এ ছাড়া ১ ডিসেম্বরের মধ্যে পছন্দের খেলোয়াড়দের বিষয়ে আগ্রহ প্রকাশ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ দেখানো ক্রিকেটারদের নিয়েই পরে চূড়ান্ত নিলাম তালিকা প্রকাশ করা হবে।

