যুক্তরাষ্ট্রের মাটিতে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকা। তবে ২০২৮ সালের এই আসরে থাকছে নতুনত্ব। দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবলের ১০ দলের সাথে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের কনকাকাফ থেকে অংশ নেবে ৬টি দল। সব মিলিয়ে ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা।
২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার ৪৯তম আসর। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল।
এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয়েছিল কোপা আমেরিকা। ২০১৬ সালের ফাইনালে চিলির কাছে হেরে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা। তবে ২০২৪ সালের আসরে ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জেতে লিওনেল মেসির দল।
নতুন ফরম্যাট অনুযায়ী, কনমেবলের ১০টি দলের পাশাপাশি কনকাকাফের ছয়টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। ২০২৭ সালের গোল্ড কাপের পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হবে কনকাকাফের প্রতিনিধিদের নাম। অর্থাৎ, মাঠের লড়াইয়ে যোগ্যতার প্রমাণ দিয়েই কোপা আমেরিকায় জায়গা করে নিতে হবে তাদের।
যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার পেছনে রয়েছে অর্থনৈতিক ও অবকাঠামোগত বিষয়। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দেশটির বিভিন্ন শহরের স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। ফলে বড় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও তৈরি হয়েছে।
কনমেবলের সভাপতি ও ফিফার সহসভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ জানিয়েছেন, কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার পরিচয়, ইতিহাস ও ফুটবল ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ২০২৮ সালের আয়োজনের মধ্য দিয়ে কনমেবল ও কনকাকাফের পারস্পরিক সহযোগিতা এবং অংশীদারত্ব আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার আগের আসরটি আর্জেন্টিনার জন্য স্মরণীয় হয়ে আছে। ২০২৪ সালের ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। দলের হয়ে জয়সূচক গোলটি করেছিলেন লাউতারো মার্তিনেজ। চোটের কারণে ফাইনালে খেলতে না পারা অধিনায়ক মেসিকে সেদিন সাইডলাইনে বসেই সতীর্থদের শিরোপা উদ্যাপন দেখতে হয়েছিল।


