ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল সাদের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে নিজের ক্যারিয়ার গোলসংখ্যা ৯৮৭-তে নিয়ে গেছেন পর্তুগিজ মহাতারকা। তার পাশাপাশি জোয়াও ফেলিক্সের গোলে জয় পেয়েছে আল নাসর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচে নিজেদের মাঠে আল সাদকে ২-১ গোলে হারিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। এই জয়ে প্রতিযোগিতার পশ্চিম অঞ্চলের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে দলটি।
ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগায় আল নাসর। পেনাল্টি বক্সের ভেতর রোনালদোকে ফাউল করেন আল সাদের মিডফিল্ডার মোহাম্মদ কামারা। স্পটকিক থেকে নিখুঁত শটে বল জালে পাঠান পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। এটি ছিল তার ক্যারিয়ারের ১৮৫তম পেনাল্টি গোল।
তবে আল নাসরের সেই স্বস্তি স্থায়ী হয়নি। ২২তম মিনিটে ওয়াদের গোলে সমতায় ফেরে আল সাদ। প্রথমার্ধের শেষ দিকে আবারও গোল পেয়েছিলেন রোনালদো। কিন্তু ভিএআরের সহায়তায় অফসাইড শনাক্ত হওয়ায় তার গোলটি বাতিল করেন রেফারি।
প্রথমার্ধের যোগ করা সময়ে বড় ধাক্কা খায় আল সাদ। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়াদ। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় সফরকারীদের।
সংখ্যায় এগিয়ে থাকার সুযোগ কাজে লাগাতে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় আল নাসর। বিরতির পর সপ্তম মিনিটেই দুর্দান্ত এক ওভারহেড কিকে দলকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। বক্সের ভেতর থেকে নেওয়া তার শট ঠেকানোর কোনো সুযোগ পাননি আল সাদের গোলরক্ষক।
এরপর আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক আল নাসর। এই জয়ের রাতে রোনালদোর গোলসংখ্যা যেমন ৯৮৭-তে পৌঁছেছে, তেমনি ১ হাজার গোলের স্বপ্ন পূরণের পথে আরও কাছে চলে এসেছেন পর্তুগিজ তারকা।


