গাজা যুদ্ধ এবং ফিলিস্তিনিদের বিষয়ে ইসরায়েলের বর্তমান নীতি অব্যাহত থাকলে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার। তার মতে, ইসরায়েলের সামনে এখন দুটি পথ রয়েছে। একটি হলো নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক আরও উন্নত করা। অন্যটি হলো বর্তমান অবস্থান ধরে রেখে আন্তর্জাতিকভাবে একঘরে হওয়ার ঝুঁকিতে পড়া।
স্থানীয় সময় সোমবার (২৪ নভেম্বর) নিউইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন কুশনার।
তিনি বলেন, ৭ অক্টোবরের ঘটনার পর ইসরায়েল চাইলে নিজেদের নিরাপত্তা আরও জোরদার করতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার সুযোগ নিতে পারে। তবে বর্তমান নীতি অব্যাহত রাখলে দেশটি ধীরে ধীরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
গাজার যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি ও পুনর্গঠন পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য বাড়ার মধ্যেই কুশনারের এ বক্তব্য সামনে এল। গাজায় নতুন প্রশাসনিক ও নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’-এর অন্যতম পরিকল্পনাকারী তিনি।
প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে হামাস বোর্ড অব পিসের একটি নিরস্ত্রীকরণ প্রস্তাবে সম্মতি জানিয়েছিল। ওই পরিকল্পনায় বলা হয়, হামাস পর্যায়ক্রমে অস্ত্র জমা দেবে এবং এর বিনিময়ে ইসরায়েলি সেনারা ধাপে ধাপে গাজা থেকে প্রত্যাহার হবে। তবে এ প্রস্তাবে আপত্তি জানিয়েছেন নেতানিয়াহু। তার অবস্থান, ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের আগেই হামাসকে পুরোপুরি নিরস্ত্র হতে হবে।
দুই পক্ষের এই মতবিরোধের কারণে গাজায় হামাসের বিকল্প হিসেবে নতুন প্রশাসন ও নিরাপত্তা কাঠামো গড়ে তোলার উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে গাজার প্রায় অর্ধেক এলাকায় এখনো হামাসের নিয়ন্ত্রণ বজায় রয়েছে।
বোর্ড অব পিসের জ্যেষ্ঠ উপদেষ্টা জশ গ্রুয়েনবামও ইসরায়েলের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার অভিযোগ, ইসরায়েলের অনড় মনোভাবের কারণে হামাস নিরস্ত্রীকরণের বিষয়ে কতটা আন্তরিক, তা যাচাই করার সুযোগ পাচ্ছে না বোর্ড। দ্রুত অগ্রগতি না হলে গাজার পুনর্গঠনের দায়িত্ব আবারও জাতিসংঘের হাতে ছেড়ে দেওয়ার প্রয়োজন হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
এদিকে গাজা পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহেও প্রত্যাশিত অগ্রগতি নেই বোর্ড অব পিসের। পুনর্গঠনে ১৭ বিলিয়ন ডলারের অর্থায়নের প্রতিশ্রুতি থাকলেও এখন পর্যন্ত তার ২ শতাংশেরও কম অর্থ পাওয়া গেছে।
এই পরিস্থিতিতে বোর্ডের বিশেষ দূত নিকোলাই ম্লাদেনভ রাশিয়ার রাজধানী মস্কো সফর করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখা, ফিলিস্তিনিদের জন্য শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।


