...|...|...

বিশ্ব

ধনী হওয়ার আগেই বুড়িয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, রাত ১১:০০ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, রাত ১১:০৮
Shares
ধনী হওয়ার আগেই বুড়িয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়া

ছবি: সংগৃহীত

বিশ্বের প্রতি পাঁচজন কর্মীর একজনের বাস দক্ষিণ এশিয়ায়। বিপুল তরুণ জনগোষ্ঠী, ক্রমবর্ধমান শ্রমশক্তি আর অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন- কয়েক দশক ধরে এই তিনকে ঘিরেই আবর্তিত হয়েছে অঞ্চলটির উন্নয়নের গল্প। কিন্তু সেই গল্পের পটভূমি এখন নিঃশব্দে বদলে যাচ্ছে। যে তারুণ্যকে অর্থনৈতিক সমৃদ্ধির সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখা হয়েছিল, কাঙ্ক্ষিত সমৃদ্ধি অর্জনের আগেই সেই প্রজন্ম এগিয়ে যাচ্ছে বার্ধক্যের দিকে।

আর মাত্র আট বছর। বিশ্বব্যাংকের প্রক্ষেপণ অনুযায়ী, ২০৩৪ সালে দক্ষিণ এশিয়ার মোট জনসংখ্যায় কর্মক্ষম মানুষের অনুপাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এর মাত্র ১৫ বছর পর, ২০৪৯ সালে অঞ্চলটির প্রায় প্রতি সাতজন মানুষের একজনের বয়স হবে ৬৫ বছর বা তার বেশি।

ইউরোপের অনেক দেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পর বার্ধক্যের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। দক্ষিণ এশিয়ার সামনে অপেক্ষা করছে ভিন্ন এক বাস্তবতা। এখানে বার্ধক্য আসছে এমন এক সময়ে, যখন কোটি মানুষের মানসম্মত কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার কাজই এখনো অসম্পূর্ণ।

বিশ্বব্যাংকের ২০২৬ সালের গবেষণা প্রতিবেদন ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেইলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’-এ উঠে এসেছে এমনই এক উদ্বেগজনক চিত্র। গবেষণাটি বলছে, দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশ যে মাথাপিছু আয় নিয়ে বার্ধক্যের পরবর্তী পর্যায়ে পৌঁছাবে, অন্যান্য উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতি গড়ে তার চেয়েও বেশি আয় নিয়ে বার্ধক্যের যাত্রা শুরু করেছিল। অর্থাৎ ধনী হওয়ার আগেই বুড়িয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে দক্ষিণ এশিয়া।

ফুরিয়ে আসছে যে সুযোগ বারবার আসে না

জন্মহার হ্রাস, শিশুমৃত্যু কমে আসা এবং মানুষের গড় আয়ু বৃদ্ধির মধ্য দিয়ে গত কয়েক দশকে দক্ষিণ এশিয়ার জনসংখ্যার কাঠামোয় বড় পরিবর্তন এসেছে। মোট জনসংখ্যায় কর্মক্ষম মানুষের অনুপাত বেড়েছে, তৈরি হয়েছে উৎপাদন, সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধির বিশেষ সুযোগ। অর্থনীতির ভাষায় এই সুবিধাকে বলা হয় ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা জনমিতিক লভ্যাংশ।

বিশ্বব্যাংকের হিসাবে, ২০০০ সাল থেকে দক্ষিণ এশিয়ার বার্ষিক জিডিপি প্রবৃদ্ধিতে জনমিতিক পরিবর্তনের অবদান ছিল গড়ে শূন্য দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট। ভারতের ক্ষেত্রে তা ছিল শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট।

কিন্তু সেই সুবিধা ক্রমেই সংকুচিত হয়ে আসছে। ১৯৬০ থেকে ২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ এশিয়ায় কর্মক্ষম জনগোষ্ঠীর বার্ষিক বৃদ্ধির হার ছিল গড়ে ২ দশমিক ২ শতাংশ। ২০২৪ থেকে ২০৫০ সালের মধ্যে তা কমে শূন্য দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। একই সময়ে জিডিপি প্রবৃদ্ধিতে জনমিতিক পরিবর্তনের অবদান তিন-চতুর্থাংশ কমে দাঁড়াতে পারে মাত্র শূন্য দশমিক ১ শতাংশীয় পয়েন্টে।

তবে ২০৩৪ সালের পরই কর্মক্ষম মানুষের সংখ্যা কমতে শুরু করবে, বিষয়টি এমন নয়। বরং মোট জনসংখ্যায় তাদের আপেক্ষিক অংশ কমতে থাকবে। ফলে শ্রমশক্তির সম্প্রসারণের ওপর নির্ভর করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে উঠবে।

ফ্রান্সের ১২৬ বছর, দক্ষিণ এশিয়ার হাতে মাত্র ২৫

দক্ষিণ এশিয়ার জন্য বার্ধক্যের চেয়েও বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে এই পরিবর্তনের গতি। মোট জনসংখ্যায় ৬৫ বছর বা তার বেশি বয়সীদের অনুপাত ৭ থেকে ১৪ শতাংশে পৌঁছাতে ফ্রান্সের সময় লেগেছিল ১২৬ বছর, যুক্তরাষ্ট্রের ৭২ বছর। উন্নত অর্থনীতিগুলোতে এই পরিবর্তনের গড় সময় ৪৬ বছর এবং অন্যান্য উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতিতে ৩২ বছর। অথচ দক্ষিণ এশিয়ায় একই পরিবর্তন ঘটতে যাচ্ছে মাত্র ২৫ বছরে।

উন্নত দেশগুলোর অনেকেই এই দীর্ঘ সময়ে পেনশন, স্বাস্থ্যবিমা, প্রবীণদের পরিচর্যা ও সামাজিক নিরাপত্তার কাঠামো গড়ে তোলার সুযোগ পেয়েছে। দক্ষিণ এশিয়াকে সেই কাজ করতে হবে অনেক কম সময়ে, তুলনামূলক কম আয় ও সীমিত রাষ্ট্রীয় সক্ষমতা নিয়ে।

কর্মক্ষম মানুষের অভাব নেই, অভাব মানসম্মত চাকরির

দক্ষিণ এশিয়া তার জনমিতিক সুবিধা কতটা কাজে লাগাতে পেরেছে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে কর্মসংস্থানের এক অস্বস্তিকর চিত্র।

অঞ্চলটির কর্মক্ষম জনগোষ্ঠীর মাত্র ৬০ শতাংশ কর্মরত। অন্যান্য উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতিতে এই হার ৬৯ শতাংশ। কৃষির বাইরের তুলনামূলক উৎপাদনশীল খাতে কর্মরত রয়েছেন দক্ষিণ এশিয়ার কর্মক্ষম জনগোষ্ঠীর মাত্র ৩৪ শতাংশ, যেখানে অন্যান্য উন্নয়নশীল অর্থনীতিতে এই হার ৫১ শতাংশ।

কর্মসংস্থানের সংখ্যার চেয়েও উদ্বেগজনক এর গুণগত মান। দক্ষিণ এশিয়ার কর্মরত মানুষের ৮৮ শতাংশই অনানুষ্ঠানিক কর্মসংস্থানে নিয়োজিত। বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় অনানুষ্ঠানিক কর্মীদের আয় আনুষ্ঠানিক কর্মীদের তুলনায় ৪৫ থেকে ৮৪ শতাংশ কম।

নতুন কর্মসংস্থান তৈরিতেও পিছিয়ে রয়েছে অঞ্চলটি। চারটি দক্ষিণ এশীয় দেশের প্রতিষ্ঠানভিত্তিক তথ্য বিশ্লেষণ করে বিশ্বব্যাংক দেখেছে, আনুষ্ঠানিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক কর্মসংস্থান বৃদ্ধির হার মাত্র ২ দশমিক ৭ শতাংশ। অন্যান্য উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতিতে এই হার প্রায় দ্বিগুণ।

একজন কর্মীর আয় যখন দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় মেটাতেই ফুরিয়ে যায়, তখন তার পক্ষে ভবিষ্যতের জন্য সম্পদ গড়ে তোলা কঠিন হয়ে পড়ে। আজকের অনিরাপদ কর্মসংস্থানই এভাবে আগামী দিনের অনিরাপদ বার্ধক্যের ভিত্তি তৈরি করছে।

কর্মজীবন শুরুর আগেই এআইয়ের মুখোমুখি এক প্রজন্ম

কর্মসংস্থানের বিদ্যমান সংকটের মধ্যেই দক্ষিণ এশিয়ার শ্রমবাজারে নতুন বাস্তবতা তৈরি করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।

২০২২ সালের শেষ দিকে জেনারেটিভ এআইয়ের ব্যাপক প্রসারের পর থেকে অঞ্চলটিতে কল সেন্টার ও প্রাথমিক হিসাবরক্ষণের মতো উচ্চমাত্রায় এআইয়ের প্রভাবাধীন পেশায় চাকরির বিজ্ঞাপন কমেছে প্রায় ২০ শতাংশ। মাধ্যমিক পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এমন উচ্চমাত্রায় এআই-প্রভাবিত চাকরির বিজ্ঞাপন কমেছে প্রায় ২৪ শতাংশ।

অবশ্য এআইয়ের বিস্তার মানেই কর্মসংস্থান বিলুপ্তি নয়। বিশ্বব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী, দক্ষিণ এশিয়ার এআই-প্রভাবিত চাকরিগুলোর প্রায় ৭০ শতাংশে এই প্রযুক্তি কর্মীদের প্রতিস্থাপনের পরিবর্তে তাদের কাজে সহায়ক হতে পারে।

কিন্তু সেই সুবিধা কাজে লাগানোর মতো দক্ষ জনশক্তি কতটা তৈরি করতে পেরেছে দক্ষিণ এশিয়া?

বিশ্বব্যাংকের তথ্য বলছে, অঞ্চলটির প্রাথমিক বিদ্যালয়গামী বয়সের প্রতি ১০ শিশুর পাঁচ থেকে ছয়জন হয় বিদ্যালয়ের বাইরে রয়েছে, নয়তো ১০ বছর বয়সেও একটি সাধারণ লেখা পড়তে পারে না। পাঁচ বছরের কম বয়সী শিশুদের ৩২ শতাংশ খর্বকায়ত্বের শিকার।

ভবিষ্যতের শ্রমবাজার যখন ক্রমেই দক্ষতানির্ভর হয়ে উঠছে, তখন সেই শ্রমবাজারে প্রবেশ করতে যাওয়া একটি প্রজন্মের বড় অংশের শিক্ষাগত ও শারীরিক বিকাশের ভিত্তিই দুর্বল থেকে যাচ্ছে।

অর্থনীতির এক বড় সম্ভাবনা আটকে আছে ঘরের ভেতর

কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত কমে যাওয়ার আশঙ্কার মধ্যেও দক্ষিণ এশিয়ার সামনে রয়েছে একটি বড় অর্থনৈতিক সম্ভাবনা- নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণ।

অঞ্চলটিতে নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণের হার মাত্র ৩৫ শতাংশ, যা বিশ্বের উদীয়মান ও উন্নয়নশীল অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে অন্যতম সর্বনিম্ন।

বিশ্বব্যাংকের মডেলভিত্তিক বিশ্লেষণ বলছে, মানবসম্পদের উন্নয়নের পাশাপাশি শ্রমশক্তিতে নারী-পুরুষের অংশগ্রহণের ব্যবধান পুরোপুরি দূর করা গেলে ২০৫০ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বর্তমান ধারা অব্যাহত থাকার পরিস্থিতির তুলনায় ১৩ শতাংশ বেশি হতে পারে। ভারতের ক্ষেত্রে এই সম্ভাব্য বৃদ্ধি ১৯ শতাংশ এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে ১৩ শতাংশ।

তবে নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণ কম থাকার অর্থ এই নয় যে, তারা অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয়। গৃহস্থালি, সন্তান লালন-পালন ও পরিবারের প্রবীণ সদস্যদের পরিচর্যায় তাদের বিপুল শ্রম ব্যয় হয়, যার বড় অংশই অবৈতনিক।

প্রাতিষ্ঠানিক পরিচর্যা ব্যবস্থা গড়ে না উঠলে জনসংখ্যার বয়স বৃদ্ধির সঙ্গে এই দায়িত্ব আরও বাড়বে। ফলে নারীর কর্মসংস্থান বৃদ্ধির প্রয়োজন এবং পারিবারিক পরিচর্যার ক্রমবর্ধমান চাপ- দুটি পরস্পরবিরোধী বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া।

দীর্ঘ হচ্ছে জীবন, বাড়ছে অসুস্থতার বোঝাও

দক্ষিণ এশিয়ার মানুষের দীর্ঘায়ু জনস্বাস্থ্যের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ অর্জন। কিন্তু দীর্ঘ জীবন মানেই সুস্থ জীবন নয়। ২০২৩ সালের হিসাবে, দক্ষিণ এশিয়ায় জন্ম নেওয়া একটি শিশুর প্রত্যাশিত আয়ু ৭২ বছর। অথচ পূর্ণ সুস্থতায় প্রত্যাশিত আয়ু মাত্র ৬১ বছর।

অঞ্চলটির মোট রোগের বোঝার প্রায় দুই-তৃতীয়াংশ এখন ডায়াবেটিস, ক্যানসার, হৃদ্‌রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের কারণে। ২০০০ সালে এই হার ছিল ৩৬ শতাংশ।

অথচ রোগের ধরন বদলালেও সেই পরিবর্তনের সাথে তাল মেলাতে পারেনি স্বাস্থ্যব্যবস্থা। ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে দক্ষিণ এশিয়াই একমাত্র অঞ্চল, যেখানে জিডিপির অনুপাতে সরকারি স্বাস্থ্য ব্যয় কমেছে। চিকিৎসার জন্য ব্যক্তির নিজস্ব পকেট থেকে ব্যয়ের মাত্রাও অঞ্চলটিতে সর্বোচ্চ।

এমনকি বাংলাদেশ ও নেপালের এক-তৃতীয়াংশেরও কম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ মোকাবিলার প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে।

পর্যাপ্ত সঞ্চয় কিংবা স্বাস্থ্যবিমা না থাকলে দীর্ঘ জীবনই অনেক পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সংকটের কারণ হয়ে উঠতে পারে।

যৌবনে শ্রম, বার্ধক্যে অনিশ্চয়তা

দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বার্ধক্যের সবচেয়ে উদ্বেগজনক চিত্রটি উঠে এসেছে অবসরকালীন আর্থিক নিরাপত্তার পরিসংখ্যানে।

অঞ্চলটির কর্মক্ষম জনগোষ্ঠীর মাত্র ১৭ শতাংশ সরকার-নির্ধারিত আনুষ্ঠানিক পেনশন ব্যবস্থায় সক্রিয়ভাবে অর্থ জমা করেন। প্রবীণদের মাত্র ১০ শতাংশ পেনশন সুবিধা পান। বার্ধক্যের জন্য বিশেষভাবে সঞ্চয় করেন মাত্র ৬ শতাংশ প্রাপ্তবয়স্ক।

এমনকি আয়ের প্রধান উৎস হারালে অন্তত এক মাসের পারিবারিক ব্যয় মেটানোর সক্ষমতা রয়েছে মাত্র ২১ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের।

অন্যদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রক্ষেপণ অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদি পরিচর্যার জন্য প্রয়োজনীয় কর্মীর সংখ্যা ২০২৩ সালের ১ কোটি ৩০ লাখ থেকে বেড়ে ২০৫০ সালে ৩ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে।

প্রাতিষ্ঠানিক সুরক্ষা গড়ে না উঠলে প্রবীণদের জীবিকা ও চিকিৎসার ব্যয় বহনের দায়িত্ব পড়বে পরবর্তী প্রজন্মের ওপর। এভাবে আর্থিক অনিরাপত্তা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চারিত হওয়ার ঝুঁকি তৈরি হবে।

বাংলাদেশের হাতে কতটা সময়?

দক্ষিণ এশিয়ার সব দেশ একই গতিতে বার্ধক্যের দিকে এগোচ্ছে না। শ্রীলঙ্কা এই পরিবর্তনের অনেকটা পথ অতিক্রম করেছে। বাংলাদেশ ও নেপালের হাতে তুলনামূলক বেশি সময় রয়েছে।

বার্ধক্য মোকাবিলায় অর্থনৈতিক প্রস্তুতির চ্যালেঞ্জ

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, জনমিতিক পরিবর্তনের এই পর্যায়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একই সাথে দুটি বিষয়ে গুরুত্ব দিতে হবে। বিদ্যমান কর্মক্ষম জনগোষ্ঠীর উৎপাদনশীলতা ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর জন্য পেনশন, স্বাস্থ্যসেবা ও দীর্ঘমেয়াদি পরিচর্যার ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তবে এসব খাতে প্রয়োজনীয় বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রের সীমিত রাজস্ব সক্ষমতা। দক্ষিণ এশিয়ায় জিডিপির অনুপাতে কর আদায়ের গড় হার ১২ শতাংশের নিচে। অথচ দীর্ঘমেয়াদে সরকারি সেবা টেকসইভাবে পরিচালনার জন্য সাধারণত অন্তত ১৫ শতাংশ কর-জিডিপি অনুপাত প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জনমিতিক পরিবর্তনের মধ্যেও নতুন অর্থনৈতিক সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক। বিশেষ করে ইউরোপ ও পূর্ব এশিয়ার দেশগুলোতে কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত কমে আসায় দক্ষ অভিবাসী কর্মীর চাহিদা দক্ষিণ এশিয়ার জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। একই সাথে প্রবীণদের স্বাস্থ্যসেবা ও দীর্ঘমেয়াদি পরিচর্যাকেন্দ্রিক খাতে কর্মসংস্থান সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, মানবসম্পদের উন্নয়ন, নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণ বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারণে সমন্বিত সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, এসব সংস্কারে বিলম্ব হলে জনমিতিক লভ্যাংশ থেকে অর্থনৈতিক সুফল অর্জনের সুযোগ সংকুচিত হওয়ার পাশাপাশি বার্ধক্যজনিত আর্থিক চাপও বাড়তে পারে।