...|...|...

বিশ্ব

ভারতে আঘাত হানল প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, সতর্কতা জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, রাত ২:৪৬
Shares
ভারতে আঘাত হানল প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি চলে এসেছে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’। রাজ্যটির প্রকাশম জেলার ওঙ্গোলের কাছে ঘূর্ণিঝড়টির উপকূলে আঘাত হানার (ল্যান্ডফল) প্রক্রিয়া রাত দুইটা থেকে তিনটার মধ্যেই শুরু হওয়ার কথা জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’-র এক প্রতিবেদনে আবহাওয়ার এই চরম বার্তাটি নিশ্চিত করা হয়েছে।

আইএমডির রাত একটার বিশেষ বুলেটিনে জানানো হয়, ঘূর্ণিঝড়টির উত্তর দিকের বহিরাংশের স্পাইরাল ব্যান্ড ইতোমধ্যে দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশে প্রবেশ করেছে এবং সামনের মেঘপুঞ্জের দেয়াল (ওয়াল ক্লাউড) দ্রুত উপকূলের দিকে ধেয়ে আসছে।

অতিভারী বৃষ্টির কড়া সতর্কতা

ঘূর্ণিঝড় মুরাসু উপকূলের দিকে অগ্রসর হওয়ায় অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এপিএসডিএমএ) সোমবার গভীর রাতে (২-৩ নভেম্বর) প্রকাশম জেলার ওঙ্গোল রুরাল, কোথাপত্তনম ও চিনাগঞ্জম মণ্ডলে অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে।

এ ছাড়া জেলার ওঙ্গোল আরবান, নাগুলুপ্পালাপাদু, ভেটাপালেম, টাঙ্গুটুর, সিঙ্গারায়কোন্ডা, উলাভাপাদু, মাদ্দিপাদু, গুডলুরু, জারুগুমিল্লি, সানথানুপালাপাদু এবং কান্দুকুর মণ্ডলগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বাতাসের গতিবেগ ও বর্তমান অবস্থান

ভারতের ডিরেক্টরেট অব ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিকসের রিয়েল-টাইম তথ্যানুযায়ী, সোমবার (২ নভেম্বর, ২০২৬) সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে উপদ্রুত জেলাগুলোতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। তবে আইএমডি জানিয়েছে, উপকূলের কাছাকাছি ইতোমধ্যেই ঘণ্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, রাতের দিকে বৃষ্টির তীব্রতা দ্রুত বৃদ্ধি পাবে এবং এ জন্য সাধারণ জনগণ ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার আপডেট অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত এই প্রবল ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল এবং একই গতিতে এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদমাসের তথ্যানুযায়ী, ঘূর্ণিঝড়টি বর্তমানে কাভালি থেকে প্রায় ৫০ কিলোমিটার, ওঙ্গোল থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, নেল্লোর থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং মাছলিপত্তনম থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।