সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হওয়া একটি ইরানি মাছ ধরার জাহাজে টানা ৪৮ ঘণ্টা অভিযান চালিয়ে ২০ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী।
সোমবার (২ নভেম্বর) মুম্বাই থেকে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে আরব সাগরে এই যৌথ অভিযান চালানো হয়। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর উদ্ধারের খবরটি নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৯ অক্টোবর সোমালিয়ার উপকূলীয় এলাকা থেকে ‘আজিনি’ নামের ইরানি ওই ফিশিং ভেসেলটি ছিনতাই করেছিল জলদস্যুরা। মার্কিন সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-এর বরাতে জানা গেছে, উত্তর-পূর্ব সোমালিয়ার উপকূলীয় শহর বান্দার বায়লা এবং হাফুনের মধ্যবর্তী সামুদ্রিক অঞ্চল থেকে জাহাজটি অপহরণ করা হয়।
এই সফল ও নিখুঁত অভিযানের জন্য ভারতীয় নৌবাহিনীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী লেখেন, ভারতী বিমানবাহিনীর সময়োপযোগী সহায়তায় মারাত্মক অস্ত্রে সজ্জিত জলদস্যুদের হাত থেকে জাহাজ ও নাবিকদের দ্রুত সনাক্তকরণ, পথরোধ এবং নিরাপদে মুক্ত করার এই সাফল্য ভারতীয় নৌবাহিনীর উচ্চ যুদ্ধপ্রস্তুতি ও যেকোনো সামুদ্রিক হুমকি মোকাবিলায় কার্যকরভাবে সাড়া দেওয়ার সক্ষমতাকে প্রকাশ করে।
রাজনাথ সিং আরও বলেন, আমাদের সাহসী জোয়ানরা ভারত মহাসাগরীয় অঞ্চলে জীবন রক্ষা করা, সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে ভারতের দক্ষতা, উদ্দেশ্য ও অঙ্গীকারকে আবারও প্রমাণ করেছেন।
উল্লেখ্য, সামুদ্রিক বাণিজ্য রক্ষা, নাবিকদের নিরাপত্তাবোধ বাড়াতে এবং জলদস্যুদের দমনে ২০০৮ সালের ২৩ অক্টোবর থেকে টানা অ্যাডেন উপসাগরে অন্তত একটি যুদ্ধজাহাজ দিয়ে সার্বক্ষণিক জলদস্যুবিরোধী টহল কার্যক্রম চালিয়ে আসছে ভারত।


