...|...|...

খেলা

ব্রাজিল-উরুগুয়ের ম্যাচ আয়োজন করে ভারতের ক্ষতি ১১২ কোটি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, রাত ৯:৪১
Shares
ব্রাজিল-উরুগুয়ের ম্যাচ আয়োজন করে ভারতের ক্ষতি ১১২ কোটি

ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করতে গিয়ে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ব্রাজিল, উরুগুয়ে ও পানামাকে আতিথেয়তা দিতে গিয়ে ভারতের প্রায় ৮০ থেকে ৮৫ কোটি রুপি, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১২ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

এই বিশাল আর্থিক ঘাটতি সামাল দিতে ফেডারেশনের স্থায়ী আমানত (এফডিআর) ভাঙানোর প্রস্তাব দিয়েছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। তবে সম্প্রতি অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (এসজিবিএম) সভাপতির এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন ফেডারেশনের সদস্যরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজ্য ফুটবল সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানান, আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোর কারণে সৃষ্ট আর্থিক ঘাটতি পূরণ করতে এফডিআর ভেঙে অর্থ উত্তোলনের প্রস্তাব দিয়েছিলেন কল্যাণ চৌবে। পরে তিনি বাইরে থেকে অর্থের ব্যবস্থা করে সেই টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও, চুক্তির গোপনীয়তার শর্ত দেখিয়ে ঘাটতির সুনির্দিষ্ট পরিমাণ সদস্যদের জানানো হয়নি।

জরুরি পরিস্থিতি ছাড়া স্থায়ী আমানতের অর্থ ব্যবহার না করার পক্ষে মত দেন ফেডারেশনের সদস্যরা। অনলাইন ওই সভায় এআইএফএফের সহসভাপতি এনএ হারিসও প্রস্তাবটির বিরোধিতা করে জানান, নির্বাহী কমিটি আগেই এফডিআর না ভাঙানোর সিদ্ধান্ত নিয়েছিল।

আসিয়ান কাপে অংশ না নিয়ে সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে ব্রাজিল, পানামা ও উরুগুয়েকে আতিথেয়তা দিয়েছিল ভারত। এই ম্যাচগুলোতে ব্রাজিলের বিপক্ষে প্রথমবারের দেখায় ৪-০ গোলে হেরেছিল তারা এবং পানামার সঙ্গে ড্র করেছিল। সে সময় ব্রাজিল দলের জন্য ভেটকি মাছ, টার্কি, মুরগি ও ল্যাম্বের বিশেষ খাবারের আয়োজনও করেছিল ভারতীয় ফেডারেশন।

এদিকে সামনে সাফে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে ভারত। এই সময়ে তাদের মূল দল নিউজিল্যান্ড সফরে যাবে। প্রসঙ্গত, পরশু ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের সাফের লড়াই।