...|...|...

খেলা

বাবরকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেট একাডেমিতে পাঠাতে বললেন ইউসুফ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩৮
Shares
বাবরকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেট একাডেমিতে পাঠাতে বললেন ইউসুফ

বাবর আজম। ছবি: সংগৃহীত

ক্রিকেটে দীর্ঘদিন রান না পেলে একজন ব্যাটসম্যানের আত্মবিশ্বাসেও প্রভাব পড়ে। পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজমও এখন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তার ব্যাটে রান নেই, টেকনিক নিয়েও উঠছে প্রশ্ন। এমন অবস্থায় বাবরকে আপাতত ঘরোয়া ক্রিকেটে না পাঠিয়ে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেট একাডেমিতে বিশেষায়িত ব্যাটিং কোচিং করানোর পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ।

রবিবার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের মতামত জানিয়ে ইউসুফ লিখেছেন, ‘আমার মনে হয় না, বাবর আজমের টেকনিক্যাল সমস্যাগুলো বিশেষায়িত কোচিংয়ের মাধ্যমে ঠিক না করা পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত। ঘরোয়া ক্রিকেটে সংগ্রাম করলে তার আত্মবিশ্বাস ও ক্যারিয়ার আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।’

বাবরকে কোথায় পাঠানো উচিত, সেটিও স্পষ্ট করেছেন পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান। তিনি লিখেছেন, ‘তাকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো একাডেমিতে পাঠান। সে এখনো পাকিস্তানের সেরা খেলোয়াড়। সঠিক দিকনির্দেশনা ও সামান্য চেষ্টা পেলে সে আবার নিজের সেরা অবস্থায় ফিরতে পারবে।’

বাবরকে নিয়ে ইউসুফের এই পরামর্শের পেছনে রয়েছে দীর্ঘদিনের পর্যবেক্ষণ। নিজের আগের অবস্থানের কথা মনে করিয়ে দিয়ে তিনি লিখেছেন, ‘চার বছর আগে আমি একই কথা বলেছিলাম, কেউ শোনেনি। দয়া করে এবার শুনুন।’

সম্প্রতি ঘরের মাঠে শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাবরের পারফরম্যান্স ছিল হতাশাজনক। পাঁচ ম্যাচে ২৩.৬০ গড়ে এবং ৭৪.২১ স্ট্রাইক রেটে তার সংগ্রহ মাত্র ১১৮ রান। সর্বোচ্চ ৪৫ রান করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক পর্বের প্রথম ম্যাচে। পুরো টুর্নামেন্টে কোনো অর্ধশতক পাননি তিনি। ফাইনালেও রানের খাতা খোলার আগেই ফিরতে হয়েছে তাকে। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে চতুর্থ স্লিপে ক্যাচ দেন এই ব্যাটসম্যান।

যদিও বাবরের ব্যর্থতার মধ্যেও ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। ফাইনালে ফাখর জামানের সেঞ্চুরি এবং সাদ বেগ ও আরাফাত মিনহাসের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৩২৬ রানের লক্ষ্য পেরিয়ে ৩ উইকেটে জয় পায় দলটি। তবে শিরোপা জয়ের আনন্দের পরও বাবরের ব্যাটিং নিয়ে উদ্বেগ কাটেনি।

ইউসুফের পরামর্শের বিপরীতে অবশ্য বাবর এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করেছেন। ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যানকে কায়েদ-ই-আজম ট্রফির জন্য লাহোর হোয়াইটস দলে রাখা হয়েছে। আগামী ৩ নভেম্বর ইসলামাবাদে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে তার দল মুখোমুখি হবে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন এফএটিএর।

এদিকে আগামী ৯ নভেম্বর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে পাকিস্তান। জাতীয় দলের গুরুত্বপূর্ণ সূচির আগে বাবরের ব্যাটিংয়ে ছন্দ ফিরে পাওয়া তাই দলের জন্যও গুরুত্বপূর্ণ।

প্রায় ১৭ হাজার আন্তর্জাতিক রান করা ইউসুফের মতে, বাবরের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। বরং টেকনিক্যাল সমস্যাগুলো কাটিয়ে উঠতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও বিশেষায়িত অনুশীলন। তার বিশ্বাস, যথাযথ পরিচর্যা পেলে বাবর আবারও নিজের সেরা ছন্দে ফিরতে পারবেন।

এখন দেখার বিষয়, বাবর ঘরোয়া ক্রিকেটে খেলেই আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টা করেন, নাকি ইউসুফের পরামর্শ অনুযায়ী আগে টেকনিকের দুর্বলতা কাটিয়ে ওঠার পথে হাঁটেন।