পেসারদের তোপের পর নুর আহমেদের ঘূর্ণিজাদুতে দিশেহারা জিম্বাবুয়ে। বাঁহাতি এই রিস্ট স্পিনারের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৭৯ রানেই গুটিয়ে যায় দলটি। সহজ লক্ষ্য তাড়া করে অনায়াস জয় তুলে নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান।
রবিবার (১ নভেম্বর) রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারায় আফগানরা। আগে ব্যাট করে ৭৯ রান করে জিম্বাবুয়ে। জবাবে ৪৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে আফগানিস্তান।
আফগানিস্তানের এই জয়ে সবচেয়ে বড় অবদান নুর আহমেদের। ৩.৩ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। এটি তার ক্যারিয়ারসেরা বোলিং। অন্যদিকে পুরো সিরিজে ব্যাট হাতে ১৪১ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন আজমতউল্লাহ ওমরজাই।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম চার ওভারের মধ্যেই ১৩ রানে ৩ উইকেট হারায় তারা। এরপর রায়ান বার্ল ও ওয়েসলি মাধভেরে মিলে ৪৩ রানের জুটি গড়ে দলকে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলের পক্ষে সর্বোচ্চ ২৯ বলে ৩০ রান করে ফেরেন বার্ল।
এরপর আবারও ধস নামে জিম্বাবুয়ের ইনিংসে। ১১তম ওভারে চার বলের মধ্যে তিনটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে আরও বিপদে ফেলেন নুর। তাতে ৬০ রানেই ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।
নুরের বিধ্বংসী বোলিংয়ের পাশাপাশি অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন আবদুল্লাহ তারাখাইল। তিনি শিকার করেন ২ উইকেট।
৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। তবে ছোট লক্ষ্য হওয়ায় জয় পেতে বেগ পেতে হয়নি তাদের। মোহাম্মদ আকরাম ৫ বলে ১৪ রান করেন। ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে আসে ১৭ বলে ২৫ রান। সেদিকউল্লাহ অতল ১৪ বলে ২০ এবং আজমতউল্লাহ ওমরজাই ১২ বলে ১৮ রান করে দলের জয় নিশ্চিত করেন।



