বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টের সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চোট সারিয়ে প্রোটিয়াদের এই টেস্ট স্কোয়াডে ফিরেছেন টনি ডি জর্জি, জুবায়ের হামজা ও গতিময় পেসার আনরিখ নরকিয়া। তবে পুনর্বাসন প্রক্রিয়া চলায় এই সিরিজে দলে রাখা হয়নি পেসার লুঙ্গি এনগিডিকে।
দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক লড়াইয়ের ধারাবাহিকতা বাংলাদেশের বিরুদ্ধেও ধরে রাখতে চায় তাঁর দল। তিনি উল্লেখ করেন, হাইভেল্ডের উইকেটে সাধারণত পেস ও বাউন্স বেশি থাকায় পেস আক্রমণের ওপরই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে স্পিনাররাও সুবিধা পেতে পারেন বলে ধারণা তাঁর।
আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
এর আগে ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে শেষবার টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছিল স্বাগতিক প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল:
টেম্বা বাভুমা (অধিনায়ক), মারকেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রেটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন

