বাংলাদেশ নারী দলের পেস আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মারুফা আক্তার। তবে পুরোনো গোড়ালির চোট আবারও ভোগাচ্ছে এই পেসারকে। এ কারণে আসন্ন নিউজিল্যান্ড সফরে তাকে না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঝুঁকি এড়িয়ে মারুফাকে পুরোপুরি সুস্থ করে ফেরাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ১০ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দল। দুই দলের সিরিজ শুরু হবে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। তবে ওই ম্যাচে মারুফার খেলার সম্ভাবনা খুবই কম। বিসিবি সূত্রে জানা গেছে, গোড়ালির পুরোনো চোট ফিরে আসায় সফরে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মারুফার চোট নিয়ে কোনো ঝুঁকি নিতে আগ্রহী নয় বিসিবি। দলের গুরুত্বপূর্ণ এই পেসারকে দ্রুত মাঠে ফেরানোর চেয়ে পুরোপুরি সুস্থ করে তোলাকেই অগ্রাধিকার দিচ্ছে বোর্ড। দীর্ঘ মেয়াদে তার ফিটনেস নিশ্চিত করতে প্রয়োজনীয় সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবি এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছে, ‘তার গোড়ালির ব্যথা আবারও ফিরে এসেছে। আমরা চাই না এমনটা আবার ঘটুক। তাই সে যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সময় পায়, সেই সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে কোনো ধরনের অস্বস্তি ছাড়াই যেন সে বোলিং করতে পারে, সেটি নিশ্চিত করতে চাই। কারণ পুরোপুরি সুস্থ না হলে নিজের সামর্থ্য অনুযায়ী বোলিং করতে তার সমস্যা হবে।’
সাম্প্রতিক সময়ে বিভিন্ন টুর্নামেন্টে নিয়মিত খেলেছেন মারুফা। বাংলাদেশের পেস আক্রমণে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। পুরোপুরি সেরে ওঠার আগে মাঠে ফিরলে চোট আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণে নিউজিল্যান্ড সফরে তাকে না পাওয়ার সম্ভাবনা থাকলেও ভবিষ্যতের কথা বিবেচনা করে তার সুস্থতার ওপরই গুরুত্ব দিচ্ছে বিসিবি।


