ভক্তদের ভোটে ‘বিওএটি’ (সর্বকালের সেরা ব্যালন ডি’অর) পুরস্কার জয়ের পর মাঠে ফিরেই হ্যাটট্রিক করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রফেশনাল লিগে আল-খুলুদের বিপক্ষে তার দুর্দান্ত নৈপুণ্যে ৫-৩ গোলের জয় পেয়েছে আল-নাসর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিনটি গোল করেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোল করে ক্যারিয়ারের ৬৮তম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
এই হ্যাটট্রিকের ফলে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫-এ। অর্থাৎ, ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে এখন তার প্রয়োজন আর মাত্র ১৫ গোল।
রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইউভেন্টাসের সাবেক এই ফরোয়ার্ডের সামনে এখন ক্যারিয়ারের অন্যতম বড় ব্যক্তিগত অর্জনের হাতছানি। বয়স ৪১ হলেও গোলের ক্ষুধা ও ধারাবাহিকতায় এখনো নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন তিনি।
আল-খুলুদের বিপক্ষে এই জয়ে সৌদি প্রফেশনাল লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানও ধরে রেখেছে আল-নাসর। ২৮ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে রয়েছে দলটি।


