...|...|...

খেলা

বিশ্বকাপ ফাইনালের গোল নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন নিকো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, বিকেল ৩:০৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, বিকেল ৩:১০
Shares
বিশ্বকাপ ফাইনালের গোল নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন নিকো

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ছোট্ট একটি ঘটনাও বদলে দিতে পারে খেলার ফল। স্পেনের শিরোপা জয়ের পথে ফেরান তোরেসের গোলের পেছনে তেমনই এক মুহূর্তের কথা জানিয়েছেন নিকো উইলিয়ামস। তার দাবি, আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ধাক্কা না দিলে বলটিতে পৌঁছানোই সম্ভব হতো না তার। ওই ধাক্কাই শেষ পর্যন্ত গোলের সুযোগ তৈরিতে ভূমিকা রাখে বলে মনে করেন স্পেনের এই ফরোয়ার্ড।

বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতে গোলশূন্য সমতা বিরাজ করছিল। নিউ জার্সিতে অনুষ্ঠিত সেই ম্যাচে বক্সে আসা একটি ক্রস হেড করে পেছনে বাড়িয়ে দেন নিকো। তার কাছ থেকে বল পেয়ে জোরালো শটে জালে পাঠান বার্সেলোনার ফরোয়ার্ড ফেরান তোরেস। ওই গোলেই আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। ম্যাচের কয়েক মাস পর এক সাক্ষাৎকারে গোলটির পেছনের ঘটনা তুলে ধরেন নিকো। তার বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

নিকোর মতে, গোলটির ক্ষেত্রে মোলিনার ধাক্কা ছিল গুরুত্বপূর্ণ। মাঠের সেই মুহূর্তটি অনেকের চোখে না পড়লেও তার কাছে ঘটনাটি ছিল বেশ তাৎপর্যপূর্ণ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যাপারটা ভয়ংকর! মানুষ এটা বুঝতেই পারে না। ও (মোলিনা) যদি আমাকে ধাক্কা না দিত, তাহলে আমি সেখানে পৌঁছাতেই পারতাম না। হাজার জন্মেও পারতাম না।’

কীভাবে ঘটনাটি ঘটেছিল, সেটিও ব্যাখ্যা করেছেন স্পেনের এই ফরোয়ার্ড। তার ভাষ্য, বলটি নিচে নামার সময় মোলিনা তাকে দুই হাত দিয়ে ধাক্কা দিয়েছিলেন। নিকো বলেন, ‘বলটা নিচে নামছিল, আর তখনই ও আমাকে ধাক্কা দেয়। দুই হাত দিয়েই কিছুটা ধাক্কা দিয়েছিল।’

নিকো জানান, ক্রসটি যখন তার দিকে আসছিল, তখন বলটিতে পৌঁছানো নিয়ে সংশয়ে ছিলেন তিনি। কিন্তু ধাক্কা খাওয়ার পর পরিস্থিতি বদলে যায়। শট নেওয়ার মতো অবস্থায় না থাকায় তিনি বলটি পেছনে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে থাকা ফেরান তোরেস সুযোগটি কাজে লাগিয়ে গোল করেন।

ঘটনাটি স্মরণ করে নিকো বলেন, ‘বলটা দেখে ভাবছিলাম, আমি আর পৌঁছাতে পারব না। কিন্তু ধাক্কা খাওয়ার পর মনে হলো, আরে! শট নেওয়ার সময় ছিল না, তাই বলটা পেছনে ছেড়ে দিই। ফেরান ঠিক সেখানেই ছিল, আর গোল করে।’

ফেরান তোরেসের ওই গোলেই ফাইনালের ভাগ্য নির্ধারিত হয়। আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে মাতে স্পেন। নিকোর সাম্প্রতিক বক্তব্যে উঠে এসেছে, শিরোপা নির্ধারণী ম্যাচের সেই গোলের পেছনে এমন একটি মুহূর্ত ছিল, যা খেলার ফল নির্ধারণে পরোক্ষ ভূমিকা রেখেছিল বলে তিনি মনে করেন।