লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরও প্রতিপক্ষের এক খেলোয়াড়কে আঘাত করার ঘটনায় ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন পোল্যান্ডের শীর্ষ ফুটবল লিগ এক্সট্রাক্লাসার ক্লাব রাদোমিয়াক রাদোমের মিডফিল্ডার ইব্রাহিমা কামারা। অসদাচরণের দায়ে গিনির এই ২৭ বছর বয়সী ফুটবলারকে সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার পাশাপাশি ৫০ হাজার জ্লোটি জরিমানাও করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) লিগ কর্তৃপক্ষের ঘোষণায় এ শাস্তির কথা জানানো হয়। শনিবার পোগন শ্চেচিনের বিপক্ষে রাদোমিয়াকের ৪-৩ গোলে হারের ম্যাচে ঘটে এ ঘটনা। ম্যাচের ৯০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কামারা। পরে সাইডলাইনে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কি শুরু হলে তিনি টানেল থেকে আবার বেরিয়ে এসে পোগনের এক বদলি খেলোয়াড়ের মাথায় আঘাত করেন।
ঘটনাটিকে গুরুতর অসদাচরণ হিসেবে উল্লেখ করেছে লিগ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে কমিশন জানায়, “ম্যাচ চলাকালে খেলোয়াড়টি খেলোয়াড়সুলভ আচরণের নিয়ম লঙ্ঘন করে বিশেষভাবে গুরুতর অসদাচরণ করেছেন। লাল কার্ড পাওয়ার পরও তিনি প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড়কে আক্রমণ করেন।”
এ ঘটনার পর কামারাকে পোল্যান্ডের সব প্রতিযোগিতায় ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাকে ৫০ হাজার জ্লোটি জরিমানা করা হয়েছে, যা প্রায় ১২ হাজার ৬২৬ মার্কিন ডলারের সমান।
পোগন শ্চেচিনের বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তে লাল কার্ড দেখার পরও কামারার এমন আচরণ শাস্তির মাত্রা বাড়িয়েছে। মাঠের শৃঙ্খলা ও খেলোয়াড়সুলভ আচরণ নিশ্চিত করতে লিগ কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে।


