...|...|...

খেলা

জরিমানার টাকা আয় করতে কত সময় লাগবে রোনালদোর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০৮
Shares
জরিমানার টাকা আয় করতে কত সময় লাগবে রোনালদোর

ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগের ম্যাচ চলাকালে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ ও ২৫৫ ইউরো জরিমানা করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফপিএফ)। ক্যাম্প ছাড়ার প্রায় তিন সপ্তাহ পর সোমবার (১৯ অক্টোবর) চূড়ান্ত শাস্তির এই ঘোষণা আসে।

তবে শাস্তির চেয়েও পর্তুগিজ ফেডারেশনের দেওয়া ২৫৫ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ হাজার টাকা) জরিমানার অঙ্কটি নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরস তৈরি হয়েছে। সৌদি ক্লাব আল নাসরে রোনালদোর অকল্পনীয় আয়ের তুলনায় এই শাস্তি কতখানি নগণ্য, তা নিয়ে কৌতুক করছেন ফুটবলপ্রেমীরা।

এক্সে এক সমর্থক লিখেছেন, 'রোনালদো সৌদি আরবে প্রতি মিনিটে ৩৫০ ইউরো আয় করেন, আর পর্তুগাল তাকে জরিমানা করেছে মাত্র ২৫৫ ইউরো! পরিহাস ছাড়া আর কী!'

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন সমালোচনার নেপথ্যে রয়েছে রোনালদোর বিশাল উপার্জন। মাত্র তিন দিন আগে ‘ফোর্বস’ প্রকাশিত তালিকায় ২০২৬ সালের বিশ্বের সর্বোচ্চ আয়কারী ফুটবলার হিসেবে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। মাঠ ও মাঠের বাইরের চুক্তি মিলিয়ে তার বার্ষিক উপার্জন ৩০ কোটি ডলার।

পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’ রোনালদোর আয়ের একটি মজার হিসাব প্রকাশ করেছে। তাদের তথ্যমতে, আল নাসরে রোনালদোর দৈনিক আয় প্রায় ৫ লাখ ৮০ হাজার ইউরো। এই হিসাবে ফেডারেশনের করা ২৫৫ ইউরোর জরিমানা পরিশোধের অর্থ উপার্জন করতে রোনালদোর সময় লাগবে মাত্র ৩৮ দশমিক ৬ সেকেন্ড!

জাতীয় দল ছাড়ার অপরাধে দেওয়া এই শাস্তির অর্থ রোনালদোর বার্ষিক মূল বেতনের তুলনায় মাত্র ০.০০০০০১২ শতাংশ। ফলে শাস্তি হিসেবে জরিমানাটি রোনালদোর জন্য অতি তুচ্ছ হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে চলছে দারুণ চর্চা।