ইউক্রেন যুদ্ধের ভয়াবহ মানসিক প্রভাবের কারণে ফরাসি টেনিস তারকা গায়েল মনফিলসের সাথে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের টেনিস তারকা এলিনা স্ভিতোলিনা। নিজেকে ফিরে পেতে সময় ও ব্যক্তিগত পরিসর প্রয়োজন বলে জানিয়েছেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়। তবে দাম্পত্যের অবসান হলেও তাদের পরিবার অটুট থাকবে বলে জানান তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন স্ভিতোলিনা। সেখানে তিনি বলেন, “আমার জীবনে এটাই সবচেয়ে কঠিন বিষয়, যা আমাকে সবার সাথে ভাগ করে নিতে হচ্ছে।” যুদ্ধের কারণে নির্ঘুম রাত, সংশয় ও নিজেকে হারিয়ে ফেলার অনুভূতির মধ্য দিয়ে গেছেন বলেও জানান তিনি।
স্ভিতোলিনা বলেন, মনফিলস দীর্ঘদিন ধরে তার কঠিন সময়ে পাশে ছিলেন। তবে কিছু লড়াই নিজের ভেতরেই করতে হয়। তিনি আরও বলেন, “আমাকে আবার নিজের কাছে ফিরে যেতে হবে, আর আমাদের দাম্পত্যের মধ্যে থেকে আমি তা করতে পারব না।”
মেয়ে স্কাইয়ের ভবিষ্যৎকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে স্ভিতোলিনা বলেন, “স্কাই সব সময় সবার আগে থাকবে। আমাদের দাম্পত্যের অবসান হচ্ছে, কিন্তু আমাদের পরিবার ভেঙে যাচ্ছে না। তার জীবনের প্রতিটি ধাপে আমরা পাশাপাশি থেকে সব সময় তার মা-বাবা হয়ে থাকব।” বিচ্ছেদের জন্য কাউকে দায়ী না করার আহ্বানও জানিয়েছেন তিনি।
২০১৯ সালে সম্পর্ক শুরু করেন স্ভিতোলিনা ও মনফিলস। ২০২১ সালে বিয়ে করেন তারা এবং ২০২২ সালে তাদের মেয়ে স্কাইয়ের জন্ম হয়। দুই মাসেরও কম সময় আগে যুক্তরাষ্ট্রের ইউএস ওপেনের মিশ্র দ্বৈত বিভাগে প্রথমবার একসাথে খেলেন এই দম্পতি।
স্ভিতোলিনা চারবার গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে খেলেছেন। ২০১৮ সালে ডব্লিউটিএ ট্যুর ফাইনালসের শিরোপা জয়ের পাশাপাশি টোকিও অলিম্পিকে এককে রুপার পদক জেতেন তিনি। শুক্রবার উহান ওপেনের কোয়ার্টার ফাইনালে ব্রিটেনের সোনায় কার্টালের কাছে হেরে বিদায় নেন স্ভিতোলিনা।
এদিকে ৪০ বছর বয়সী মনফিলস জানিয়েছেন, চলতি বছরই পেশাদার টেনিসে তার শেষ মৌসুম। অবসরের পর সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানে সম্পদ ব্যবস্থাপনা বিভাগে কাজ করবেন তিনি। সেপ্টেম্বরে তিনি বলেন, “আগামী বছর আমার জীবনে নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে।”


