...|...|...

বিশ্ব

যুদ্ধক্ষেত্র থেকে ড্রোনে আহত সেনা উদ্ধার, ইতিহাস গড়ল ইউক্রেন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪২
Shares
যুদ্ধক্ষেত্র থেকে ড্রোনে আহত সেনা উদ্ধার, ইতিহাস গড়ল ইউক্রেন

ছবি: সংগৃহীত

যুদ্ধক্ষেত্রে আহত এক সেনাকে আকাশপথে ড্রোনের সাহায্যে উদ্ধার করেছে ইউক্রেনের সেনাবাহিনী। সোমবার এ তথ্য জানিয়ে দেশটির ৯২তম স্বতন্ত্র অ্যাসল্ট ব্রিগেড দাবি করেছে, বিশ্বে এ ধরনের উদ্ধার অভিযান এটিই প্রথম।

ব্রিগেডটির প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন নিচে নেমে আসছে। এরপর যুদ্ধসজ্জায় সজ্জিত এক ব্যক্তি ড্রোনের সঙ্গে যুক্ত উত্তোলনযন্ত্রের (উইঞ্চ) সঙ্গে নিজেকে আটকে নেন। পরে ড্রোনটি তাকে ওপরের দিকে তুলে নিয়ে যায়।

তবে উদ্ধার অভিযানটি ঠিক কোথায় চালানো হয়েছে, তা জানায়নি ব্রিগেডটি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে ব্রিগেডটির ড্রোন ইউনিট জানায়, “অভিযানটি সফল হয়েছে—আহত ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয়েছে! তিনি এখন চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এবং তার জীবন এখন আর ঝুঁকিতে নেই।”

ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান গুরজুফ ডিফেন্স জানিয়েছে, উদ্ধার হওয়া সেনা প্রায় দেড় বছর ধরে অত্যন্ত বিপজ্জনক একটি যুদ্ধ অবস্থানে ছিলেন। সেখান থেকে প্রচলিত কোনো উপায়ে তাকে উদ্ধার করা সম্ভব ছিল না। প্রতিষ্ঠানটির ভাষ্য, তাকে উদ্ধারের যেকোনো প্রচেষ্টা উদ্ধারকারী দলের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারত।

প্রতিষ্ঠানটি আরও জানায়, ‘আয়ুদাগ-৬’ মডেলের হেক্সাকপ্টার ড্রোনটি আহত সেনাকে একটি নিরাপদ স্থানে নিয়ে আসে। সেখানে তার সহযোদ্ধারা তাকে গ্রহণ করেন এবং পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

ইউক্রেন এর আগে যুদ্ধক্ষেত্র থেকে আহত সেনাদের সরিয়ে নিতে চালকবিহীন স্থলযান ব্যবহার করেছে। তবে আকাশপথে ড্রোন দিয়ে আহত সেনা উদ্ধারের ঘটনাকে বিশ্বে প্রথম বলে দাবি করেছে ৯২তম অ্যাসল্ট ব্রিগেডের ড্রোন ইউনিট।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধে দুই দেশই ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করে আসছে। সামরিক বিশ্লেষকদের ভাষায়, যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যাপক ব্যবহারের ফলে অনেক এলাকা এমন বিপজ্জনক হয়ে উঠেছে, যেখানে চলাচল করা উভয় পক্ষের সেনাদের জন্যই কঠিন। এ ধরনের এলাকাকে তারা ‘কিল জোন’ বা মৃত্যুপুরী হিসেবে বর্ণনা করছেন।