বর্তমান কঠিন পরিস্থিতি সত্ত্বেও ইরানের সাথে স্বাক্ষরিত অর্থনৈতিক ও বিনিয়োগ চুক্তিগুলো থেকে মস্কো পিছু হটবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
সোমবার (১৯ অক্টোবর) ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
রুশ বার্তা সংস্থা তাস-এর প্রতিবেদন অনুযায়ী, রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও ইরানের সাথে অর্থনৈতিক ও বিনিয়োগ চুক্তি বাস্তবায়ন থেকে সরে দাঁড়ানোর কোনো অভিপ্রায় রাশিয়ার নেই।
নিজের বক্তব্যের সমর্থনে তিনি উল্লেখ করেন যে, রুশ বিশেষজ্ঞরা ধীরে ধীরে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফিরে আসছেন। এছাড়া হাইড্রোকার্বন বা জ্বালানি তেল-গ্যাস উত্তোলন ও পরিবহনের ক্ষেত্রে বড় ধরনের সম্ভাবনা উন্মোচিত হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, রাশিয়ান ঠিকাদার প্রতিষ্ঠান ভবিষ্যৎ ‘রশত-আস্তারা’ রেললাইন প্রকল্পের রুটে প্রকৌশলগত জরিপ চালিয়ে যাচ্ছে এবং ইরানি পক্ষ প্রয়োজনীয় নথিপত্র প্রক্রিয়াকরণ সম্পন্ন করার সাথে সাথেই নির্মাণকাজ শুরু করবে।


