...|...|...

খেলা

সৌদি আরবে হামলার জেরে স্থগিত রোনালদোর আল নাসরের ম্যাচ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, রাত ৯:৫৩
Shares
সৌদি আরবে হামলার জেরে স্থগিত রোনালদোর আল নাসরের ম্যাচ

ছবি: সংগৃহীত

সৌদি আরবে চলমান সামরিক উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কায় দেশের ফুটবল লিগের সূচিতে বড় ধরনের পরিবর্তন আনল কর্তৃপক্ষ। ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের বহুল প্রতীক্ষিত ম্যাচসহ স্থগিত ও পুনর্নির্ধারণ করা হয়েছে সৌদি প্রো লিগের তিনটি গুরুত্বপূর্ণ খেলা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি প্রো লিগের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই সূচি পরিবর্তনের কথা জানানো হয়।

বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ জানায়, খেলোয়াড়দের বাধ্যবাধকতামূলক বিশ্রাম এবং সার্বিক লজিস্টিক ব্যবস্থাপনা বিবেচনা করে নবম রাউন্ডের তিনটি ম্যাচের তারিখ বদল করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, আল হিলাল ও আল রিয়াদের ম্যাচ এবং আল ইত্তিহাদ ও আল শাবাবের মধ্যকার লড়াইটি পিছিয়ে আগামী ১৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে আল আহলির বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের বিগ ম্যাচটি আগামী বছরের ৬ মার্চ অনুষ্ঠিত হবে। তবে নবম রাউন্ডের বাকি সব ম্যাচ পূর্বনির্ধারিত সূচি অনুসারেই অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার (১২ অক্টোবর) রিয়াদে উজবেকিস্তানের ক্লাব নেফচি ফেরগানার বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচ খেলেছিল আল নাসর। তবে সৌদি রাজধানীর দিকে ইয়েমেনি হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় ম্যাচটি প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়। সেই আতঙ্ক কাটিয়ে শেষ পর্যন্ত ৩-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল।

উল্লেখ্য, সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি সামরিক বাহিনীর মধ্যে সরাসরি সংঘাত চরম রূপ নিয়েছে। বিশেষ করে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানি ও উড়োজাহাজ চলাচল ব্যাহত হওয়ার পর দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।