আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরি ও ফিফটি করে র্যাংকিংয়ে উন্নতি করেছেন লিটন দাস। অন্যদিকে, বল হাতে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করে বোলারদের তালিকায় এগিয়েছেন হাসান মাহমুদ। আইসিসির সর্বশেষ হালনাগাদ টেস্ট র্যাংকিংয়ে এই দুই বাংলাদেশি ক্রিকেটারের অবস্থানের উন্নতি হয়েছে। তবে এক ধাপ করে পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে ৫৩ এবং দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেন লিটন। দুই ইনিংসে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে যৌথভাবে ২৯তম স্থানে উঠে এসেছেন তিনি। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬১০। অন্যদিকে, ১০ ধাপ এগিয়ে ৯২তম স্থানে জায়গা করে নিয়েছেন তানজিদ তামিম।
বোলিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে হাসান মাহমুদের। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে আরও একটি উইকেট শিকার করেন তিনি। টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করার কীর্তিও গড়েন হাসান। সব মিলিয়ে বোলারদের র্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন এই পেসার।
বাংলাদেশের অন্য বোলারদের মধ্যেও র্যাংকিংয়ে পরিবর্তন এসেছে। এক ধাপ এগিয়ে ২২তম স্থানে রয়েছেন মেহেদি হাসান মিরাজ। ১১ ধাপ উন্নতি করে ৬৭তম স্থানে উঠে এসেছেন এবাদত হোসেন। তবে আফগানিস্তানের বিপক্ষে পুরো ম্যাচে একটি উইকেট নেওয়া তাইজুল ইসলাম তিন ধাপ পিছিয়ে ১৮তম স্থানে নেমে গেছেন।
আফগানিস্তানের ক্রিকেটারদেরও র্যাংকিংয়ে উন্নতি হয়েছে। একমাত্র টেস্টে সেঞ্চুরি করা রহমত শাহ ১৩ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন। আরেক সেঞ্চুরিয়ান সেদিকুল্লাহ অতল ৪১ ধাপ এগিয়ে ৯১তম স্থানে জায়গা করে নিয়েছেন। বোলারদের তালিকায় মোহাম্মদ সালিমের উন্নতি হয়েছে ২১ ধাপ। তিনি এখন ৭২তম স্থানে রয়েছেন।


