...|...|...

খেলা

আইপিএলের আগে মালিঙ্গাসহ তিন কোচকে বিদায় জানাল মুম্বাই ইন্ডিয়ান্স

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৬
Shares
আইপিএলের আগে মালিঙ্গাসহ তিন কোচকে বিদায় জানাল মুম্বাই ইন্ডিয়ান্স

ছবি: সংগৃহীত

আইপিএলের আগামী ২০২৭ মৌসুমকে সামনে রেখে কোচিং প্যানেলে বড় ধরনের পরিবর্তন আনছে মুম্বাই ইন্ডিয়ান্স। বোলিং কোচ লাসিথ মালিঙ্গা, পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচ কার্ল হপকিনসনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

২০২৪ সালে শেন বন্ডের স্থলাভিষিক্ত হয়ে বোলিং কোচের দায়িত্ব নেন লঙ্কান কিংবদন্তি মালিঙ্গা। তবে তার মেয়াদে দলের পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। ২০২৪ মৌসুমে দশম, ২০২৫ মৌসুমে চতুর্থ এবং সবশেষ ২০২৬ সালের আসরে নবম স্থানে থেকে মিশন শেষ করে মুম্বাই।

কোচিংয়ে আসার আগে খেলোয়াড় হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম বড় ভিত্তি ছিলেন মালিঙ্গা। দলটির হয়ে ৯টি মৌসুমে খেলে চারটি আইপিএল এবং ২০১১ সালের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি শিরোপা জয়ে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।

মালিঙ্গাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে এক বিবৃতিতে মুম্বাই ইন্ডিয়ান্স জানায়, মালিঙ্গা দলের ইতিহাসের অন্যতম আইকনিক ব্যক্তিত্ব। মাঠে ও পরবর্তীতে মেন্টর এবং কোচ হিসেবে তার আবেগ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা ও নিবেদন প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।

মালিঙ্গার পাশাপাশি বাদ পড়েছেন ভারতের সাবেক বোলিং কোচ পরশ মামব্রে ও কার্ল হপকিনসন। মামব্রে ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রথম দফায় এবং পরবর্তীতে ২০২৪ সালে ফের মুম্বাইয়ের সাথে যুক্ত হন।

অন্যদিকে, ইংল্যান্ডের ক্রিকেট দলের অভিজ্ঞতা নিয়ে ২০২৫ মৌসুমে ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন কার্ল হপকিনসন।

উল্লেখ্য, টানা ব্যর্থতার জের ধরে চলতি মাসের শুরুতেই প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান মাহেলা জয়াবর্ধনে। জয়াবর্ধনের বিদায়ের পর ব্যাটিং কোচ কাইরন পোলার্ডকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।