ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক ফাইনালে উন্নীত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সেমিফাইনালে বাংলাদেশের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন রাতুল।
এর আগে একই দিনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। একদিনেই টানা দুই ম্যাচে জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলাদেশের কিশোরেরা।
চলতি টুর্নামেন্টে নয়টি ম্যাচ খেলে এটি বাংলাদেশের পঞ্চম জয়। ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরুর পর পর্তুগালের কাছে ৩-১ এবং বুরুন্ডির কাছে ২-০ গোলে হেরে ব্যাকফুটে চলে যায় দল। এর মাঝে ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা।
তবে ফিজিকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এরপর ই-টায়ারের শেষ বত্রিশের লড়াইয়ে সিশেলস এবং শেষ ষোলোর খেলায় সিঙ্গাপুরের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ সমতার পর টাইব্রেকারে জয় তুলে নিয়ে শেষ আটে পৌঁছায় দল।
কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে বিধ্বস্ত করার পর সেমিফাইনালে গ্যাবনের বিপক্ষে জয়ে এখন শিরোপা উঁচিয়ে ধরার চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ ফুটবল দল।

