চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের পার্কিংয়ে রাখা একটি প্রাইভেট কারের সামনের চাকা খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। হোটেলে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তাব্যবস্থা থাকার পরও এমন ঘটনায় প্রশ্ন উঠেছে গাড়ি পার্কিংয়ের নিরাপত্তা নিয়ে।
গত ১৭ নভেম্বর সন্ধ্যায় নগরীর লালখান বাজার এলাকায় হোটেলটির পার্কিংয়ে এ ঘটনা ঘটে। ঘটনার ছয় দিন পর মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।
ভুক্তভোগী গাড়ির মালিক নোমান চৌধুরী জে অ্যান্ড এস ইন্টারন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান। তার গ্রামের বাড়ি ফটিকছড়ির সুন্দরপুরে। তবে তিনি নগরীর খুলশী এলাকায় বসবাস করেন।
নোমান চৌধুরী জানান, গত ১৭ নভেম্বর একটি সভায় অংশ নিতে তিনি হোটেলে যান। গাড়িটি পার্কিংয়ে রেখে চালককে লবির পাশে অপেক্ষা করতে বলেন। সভা শেষে ফিরে এসে দেখেন, গাড়ির সামনের একটি চাকা খুলে নেওয়া হয়েছে।
ঘটনার পরপরই ই-মেইলের মাধ্যমে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। তার অভিযোগ, কর্তৃপক্ষ ই-মেইলের জবাব দিলেও কয়েক দিন ধরে শুধু সমাধানের আশ্বাস দিয়েছে। কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
নোমান চৌধুরী বলেন, হোটেলের সুনামের কথা বিবেচনা করে এবং কর্তৃপক্ষের আশ্বাসে শুরুতে বিষয়টি প্রকাশ করেননি কিংবা থানায় অভিযোগ করেননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে পাঁচ তারকা হোটেলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন।
এ বিষয়ে রেডিসন ব্লু চট্টগ্রামের বিপণন ব্যবস্থাপক ফয়সাল কবির বলেন, গত ১০ থেকে ১২ বছরে হোটেলটিতে এমন ঘটনা ঘটেনি। ঘটনাটি সত্য। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে একজনকে শনাক্ত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে তদন্ত চলছে। বিষয়টি থানাকেও জানানো হয়েছে। বুধবার গাড়ির মালিকের সাথে বৈঠকের মাধ্যমে সমাধানের আশা করছেন তারা।
তবে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, হোটেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পুলিশকে কিছু জানায়নি। অন্য মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিজ উদ্যোগে তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করা গেলেও এখনো তাকে আটক করা সম্ভব হয়নি।

