নিজের শাসনকাল, রাজনৈতিক উত্তরাধিকার এবং আন্তর্জাতিক সংকট মোচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট 'গ্রক'-এর ওপর আস্থা বজায় রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওভাল অফিসে ধনকুবের ইলন মাস্কের তৈরি এই এআই প্রযুক্তির কাছে প্রেসিডেন্ট ঘণ্টার পর ঘণ্টা নানা জটিল নীতি ও মার্কিন রাজনীতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেছিলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাময়িকী 'টাইম'।
শুক্রবার (২ অক্টোবর) প্রকাশিত টাইম-এর এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বরে ওভাল অফিসে ইলন মাস্কের সাথে এক গোপন বৈঠকে বসেন ট্রাম্প। বৈঠকে গ্রকের কাছে তিনি জানতে চান, ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হলে দেশটির জনগণের প্রতিক্রিয়া কেমন হতে পারে। গ্রক জবাবে মাদুরোকে অজনপ্রিয় উল্লেখ করে জানায়, তার পতনে দেশটির বহু মানুষ উল্লাস প্রকাশ করবে।
উক্ত বৈঠকের ঠিক এক মাস পর, ২০২৬ সালের ৩ জানুয়ারি মার্কিন সামরিক বাহিনী অভিযান চালিয়ে মাদুরোকে গ্রেফতার করে এবং পরবর্তীতে বাস্তবেও ভেনেজুয়েলায় আনন্দ-মিছিলের দৃশ্য দেখা যায়। এই ঘটনার পর এআই প্রযুক্তির নির্ভুলতায় মুগ্ধ হয়ে ট্রাম্প এটিকে অত্যন্ত বুদ্ধিদীপ্ত বলে আখ্যা দেন।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী ট্রাম্পের তৃতীয়বার নির্বাচনে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। এই প্রেক্ষাপটে নিজের মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় উত্তরাধিকার নিয়ে এআই চ্যাটবটটির পরামর্শ নিচ্ছেন তিনি। টাইম জানিয়েছে, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প প্রশাসনে সামরিক ও কৌশলগত পরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রবণতা অনেকটাই বেড়ে গেছে।


