শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর, চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মীর, ইউনিয়ন পরিষদের সদস্য মো. রিপন সরদার এবং আওয়ামী লীগ নেতা ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী মো. জাহাঙ্গীর হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর দিনগত রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এই সহিংসতার কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। এতে সেতুর দুই প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরবর্তীতে এই ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর বৃহস্পতিবার পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃত চারজনই এই মামলার এজাহারনামীয় আসামি।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানোর কাজ চলছে। এছাড়া মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে।


