ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের একটি জলবিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে নয় দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও সেখানে আরও বহু শ্রমিক আটকা রয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) নেপালের ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে অল্প সময়ের ব্যবধানে ওই দুই শ্রমিককে উদ্ধার করা হয়। নিখোঁজ ৪২ শ্রমিকের সন্ধানে গত নয় দিন ধরে সেখানে উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন উদ্ধারকারীরা।
উদ্ধারের ভিডিও ফুটেজে দেখা যায়, প্রায় এক ডজন উদ্ধারকারী মাটির একটি ছোট গর্ত দিয়ে একজন শ্রমিককে বের করে আনছেন। নিরাপদে বের করে আনার পর উদ্ধারকারীরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নুওয়াকোট জেলার পুলিশ প্রধান বিপিন রেগমি জানান, উদ্ধারকারীরা টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পেয়েছেন। আটকে থাকা অন্যদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে একটি মেডিকেল টিম পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
জলবিদ্যুৎকেন্দ্রটির ভূগর্ভস্থ পাওয়ার হাউজে যাওয়ার টানেলটি চার কিলোমিটারেরও বেশি দীর্ঘ। ভয়াবহ বন্যার সময় সেখানে কয়েক ডজন শ্রমিক কাজ করছিলেন।
ত্রিশূলী নদীর তীরে অবস্থিত নেপালের কয়েকটি জলবিদ্যুৎকেন্দ্র ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রকল্পে চীন, দক্ষিণ কোরিয়া ও ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকরা শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
বন্যার পানির প্রবল স্রোতে নদী ও আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে নেপালে ১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: সিএনএন



