প্রথমবারের মতো নেপালের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ২০২৭ সালের মার্চে কাঠমান্ডুতে স্বাগতিক নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় হতাহতদের প্রতি এই সিরিজ উৎসর্গ করা হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি ঐতিহাসিক এই সিরিজের বিষয়টি নিশ্চিত করেছে। সূচি অনুযায়ী, আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। সিরিজের সব কটি ম্যাচের ভেন্যু নেপালের রাজধানী কাঠমান্ডু।
সম্প্রতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর বৈঠকে এই সফরের নীতিগত সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় আজ বিসিবি কার্যালয়ে সভাপতি তামিম ইকবালের সাথে বৈঠকে বসেন নেপালের রাষ্ট্রদূত। সেখানে সিরিজের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বিসিবি জানিয়েছে, এই সিরিজ থেকে অর্জিত লভ্যাংশ নেপালের বন্যাদুর্গতদের সহায়তায় প্রদান করা হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেপাল। দুটি ম্যাচই টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল এবং দুটিতেই জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে নেপালের মাটিতে এবারই প্রথম দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হবে দুই দল।


