টানা তিন বছর বিদেশে অনুষ্ঠিত হওয়ার পর অবশেষে ভারতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০২৭ সালের আইপিএলকে সামনে রেখে আগামী মিনি নিলাম ভারতের মাটিতেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
২০২৩ সালে কোচির পর টানা তিন আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছিল দুবাই, জেদ্দা ও আবুধাবিতে। বিদেশে প্রতিনিধি দল নিয়ে যাতায়াত এবং লজিস্টিক জটিলতার কারণে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল ফ্র্যাঞ্চাইজিগুলো।
দলগুলোর সেই অভিযোগ ও পরামর্শ বিবেচনা করেই বিসিসিআই আবার ভারতে নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আগামী মেগা নিলাম আবারও বিদেশে হতে পারে বলে ইঙ্গিত রয়েছে।
ভারতের কোন শহরে নিলাম বসবে তা এখনো চূড়ান্ত হয়নি। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে বিয়ের মৌসুম চলায় পাঁচ তারকা হোটেলগুলোতে অন্তত ১০০টির বেশি কক্ষ পাওয়ার ওপর ভিত্তি করে ভেন্যু নির্ধারণ করা হবে।
এদিকে বহু আলোচিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি এই নিয়ম তুলে দেওয়ার পক্ষে থাকলেও কিছু দল আরও এক মৌসুম চালুর দাবি জানিয়েছে। আগামী এক মাসের মধ্যে পরবর্তী সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।


