...|...|...

বিশ্ব

নেতানিয়াহুর মতো চেহারাই ‘বিপদ’ ডেকে আনল ইরানি ব্যবসায়ীর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০০
Shares
নেতানিয়াহুর মতো চেহারাই ‘বিপদ’ ডেকে আনল ইরানি ব্যবসায়ীর

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে চেহারার মিল থাকাই বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের রাজধানী তেহরানের এক দোকানির জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর ক্রেতাদের একাংশ তার দোকান বয়কট শুরু করেছেন। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপেও পড়েছেন ওই ব্যবসায়ী।

বুধবার (১১ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেহরানে শুকনো ফল ও ঐতিহ্যবাহী মিষ্টি বিক্রি করেন ওই দোকানি। মুখের গড়ন ও চেহারায় নেতানিয়াহুর সাথে মিল থাকায় সম্প্রতি তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

পরিস্থিতি আরও জোরালো হয় তার দোকানে ধারণ করা একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর। ভিডিওটি ভাইরাল হলে অনেকেই নেতানিয়াহুর সাথে ওই দোকানির চেহারার তুলনা করতে থাকেন।

কিন্তু এই ভাইরাল পরিচিতি তার ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলেনি। বরং নেতানিয়াহুর সাথে তার চেহারার মিল নজরে আসার পর ক্রেতাদের একাংশ দোকানে যাওয়া এবং সেখান থেকে পণ্য কেনা বন্ধ করে দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে ওই দোকানি বলেন, নিজের কোনো ভূমিকা না থাকা সত্ত্বেও কেবল চেহারার মিলের কারণে তাকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। তিনি জানান, আগের মতো ক্রেতারা আর দোকানে আসছেন না এবং পুরো পরিস্থিতি তার জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে উঠেছে।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। দুই দেশের রাজনৈতিক বৈরিতার প্রভাব যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসার ক্ষেত্রেও গিয়ে পড়ছে, তেহরানের এই দোকানির অভিজ্ঞতাকে তারই একটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।