...|...|...

বিশ্ব

নির্বাচনে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা ট্রাম্পের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০০
Shares
নির্বাচনে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

নভেম্বরের মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অর্থকে তিনি ‘ট্রাম্প ডিভিডেন্ড’ হিসেবে অভিহিত করেছেন।

রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনের প্রথম দিনে প্রায় দুই ঘণ্টার দীর্ঘ প্রাইমটাইম ভাষণে ট্রাম্প এই প্রস্তাব দেন। বক্তব্যের মধ্য দিয়ে মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় নিজেকে কেন্দ্রবিন্দুতে নিয়ে এলেন তিনি।

যুক্তরাষ্ট্রে প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক নাগরিক রয়েছেন। সবাইকে ৫ হাজার ডলার করে দিলে মোট ব্যয় দাঁড়াবে ১ ট্রিলিয়ন ডলারের বেশি। তবে এই প্রস্তাব বাস্তবে কীভাবে বা কোন আইনি প্রক্রিয়ায় কার্যকর হবে, তা এখনো অস্পষ্ট। এত বিপুল অর্থ বিতরণে মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে।

নির্বাচনী আয়োজনে ট্রাম্পকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হলেও এটি রিপাবলিকানদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। কারণ জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা এখন তলানিতে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ইরান যুদ্ধের কারণে বিশেষ করে দোদুল্যমান ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়ছে। অবশ্য ট্রাম্প ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, 'ভাবুন, আমিই ব্যালটে আছি।' ডেমোক্র্যাটদের জন্যও ট্রাম্পকে সামনে রেখে প্রচারণা চালানো সুবিধাজনক হতে পারে।

দুই দিনব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে মূল বক্তব্য দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সংবিধান অনুযায়ী ট্রাম্প তৃতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ফলে ভ্যান্সের এই বক্তব্যকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তার প্রাথমিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে সম্মেলনে রিপাবলিকানদের জন্য অপ্রত্যাশিত সুবিধা এনে দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর জন ফেটারম্যান। এক ভিডিও বার্তায় তিনি পেনসিলভানিয়ার রিপাবলিকান সিনেটর ডেভ ম্যাককরমিককে নিজের 'ঘনিষ্ঠ বন্ধু' হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন, যা রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ।