পরিবারের ঠিক করা বিয়েতে সম্মতি ছিল না ১৪ বছরের কিশোরী ঝুমুর আক্তারের। সপ্তম শ্রেণির এই মেধাবী শিক্ষার্থী বিয়ে নয়, পড়াশোনা চালিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে চেয়েছিল। তাই বিয়ের আগের দিন নিজের অসম্মতির কথা জানিয়ে মাদ্রাসার সুপারের কাছে লিখিত আবেদন করে সে। শেষ পর্যন্ত তার সেই আকুতিতে সাড়া দিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে বিয়ের আয়োজন। পাশাপাশি ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
ঘটনাটি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার। সোমবার (৯ নভেম্বর) ঝুমুরের বিয়ের দিন নির্ধারণ করেছিল পরিবার। এর আগের দিন রোববার (৮ নভেম্বর) মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদের কাছে লিখিত আবেদন জমা দেয় সে। আবেদনে জানায়, পরিবারের সদস্যরা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করেছেন। এখনই বিয়ে করতে চায় না সে; পড়াশোনা চালিয়ে যেতে চায়। প্রয়োজনে নিজের লেখাপড়ার দায়িত্ব নেওয়ারও অনুরোধ জানায় মাদ্রাসার সুপারকে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, ঝুমুরের জন্ম ২৮ মার্চ ২০১২। সপ্তম শ্রেণির ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে তার রোল নম্বর ১। শিক্ষকদের ভাষ্য, পড়াশোনায় মনোযোগী ও নিয়মিত এই শিক্ষার্থী একবার বুঝিয়ে দিলেই পড়া আয়ত্ত করতে পারে।
বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে সোমবার ইউএনও আবুজর মো. ইজাজুল হকের নির্দেশনায় চরবিশ্বাস ইউনিয়নের তহশিলদার মীর শহিদুল ইসলাম, গ্রাম পুলিশ শাহ আলম এবং মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ ঝুমুরের বাড়িতে যান। তারা বিয়ের আয়োজন বন্ধ করেন। পরে ঝুমুর ও তার পরিবারের সদস্যদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ঝুমুরের বাবার কাছ থেকে মেয়ের বাল্যবিয়ে না দেওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি ঝুমুরের পড়াশোনা চালিয়ে নিতে আর্থিক সহায়তা দেন ইউএনও।
এদিকে ভিডিও কলের মাধ্যমে ঝুমুরের সাথে কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তার সাহসী উদ্যোগের প্রশংসা করে পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি। অন্যদিকে মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ জানিয়েছেন, ঝুমুর তার প্রতিষ্ঠানে পড়াশোনা করা পর্যন্ত তার কোনো খরচ লাগবে না। তার পড়াশোনার যাবতীয় ব্যয় তিনি বহন করবেন।
ঝুমুরের বাবা লাল মিয়া সরদার পেশায় দিনমজুর। তার তিন মেয়ে ও এক ছেলে। দুই মেয়ের বিয়ে হয়েছে। তাদের ঘরে তিন নাতনির পড়াশোনার খরচও তাকে বহন করতে হয়। ছেলে তার সাথে দিনমজুরের কাজ করেন। সংসারের আর্থিক সংকটের কারণে মেয়ের পড়াশোনার খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল বলে জানান তিনি।
লাল মিয়া সরদার বলেন, সংসার চালাতেই তার কষ্ট হয়। মেয়ের পড়াশোনার খরচ বহন করা সম্ভব হচ্ছিল না বলে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে মেয়ের অসম্মতি এবং শিক্ষক ও প্রতিমন্ত্রীর আশ্বাসের পর এখন তিনি মেয়েকে পড়াতে চান।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, খবর পাওয়ার পর তহশিলদার ও গ্রাম পুলিশ পাঠিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। মেয়েটির বাবা বাল্যবিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন। ঝুমুরের পড়াশোনা অব্যাহত রাখতে সহায়তা করা হবে বলেও জানান তিনি।


