নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য রয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু।
সোমবার (৫ অক্টোবর) দেশটির অর্থনৈতিক কেন্দ্র লাগোসের উদ্দেশে একটি রুটিন মিশনে ছিল বিমানটি। এ সময় অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় সেটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছেন এভিয়েশন বিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো।
মন্ত্রী জানান, সোমবার উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানটির সাথে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এডো প্রদেশ থেকে লাগোসের যাত্রাপথের মাঝামাঝি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।
নাইজেরিয়ার একটি নৌঘাঁটির কাছাকাছি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি এটিআর-৪২ মডেলের। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ শুরু করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা নৌকায় করে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন। এ সময় ঘটনাস্থলের আশপাশে উৎসুক মানুষের ভিড়ও দেখা যায়।
স্থানীয় এক বাসিন্দার ভাষ্য, বিমানটি দুর্ঘটনার সময় বেশ কয়েকটি গাছ ভেঙে ফেলে। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনের দেহাবশেষ, পোশাক ও জুতা উদ্ধার করা হয়েছে।


