...|...|...

বিশ্ব

নাইজেরিয়ায় ৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, রাত ১০:৩০
Shares
নাইজেরিয়ায় ৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওন্দো রাজ্যে ৩২ জন আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটির মূল ধ্বংসাবশেষ শনাক্ত করার পর সেখানে জোরেশোরে উদ্ধার অভিযান শুরু হয়েছে। 

সোমবার (৫ অক্টোবর) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

অ্যাভিয়েশন মিনিস্টার বা বিমান পরিবহনমন্ত্রী ফেস্তুস কেয়ামো এক বিবৃতিতে জানিয়েছেন, ওন্দোর ইগবোকোডা নৌঘাঁটির কাছাকাছি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। বিমানটি বেনিন থেকে লাগোসে যাওয়ার পথে নিখোঁজ হয়েছিল।

মন্ত্রী জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটিতে ২৫ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্যসহ মোট ৩২ জন আরোহী ছিলেন।

স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা বিমানটির সাথে যোগাযোগ হারিয়ে ফেলেন। এরপর রেডিওর মাধ্যমে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

নাইজেরিয়ান বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি একটি এটিআর-৪২ মডেলের বিমান, যা একটি রুটিন ফ্লাইটে লাগোসের দিকে যাচ্ছিল। ইতোমধ্যে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

মন্ত্রী কেয়ামো আরও জানান, তিনি নাইজেরিয়ার চিফ অব এয়ার স্টাফ এয়ার মার্শাল সানডে কেলভিন অ্যানেকে-র সাথে কথা বলেছেন এবং উদ্ধার অভিযানে বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও সহায়তার আশ্বাস দিয়েছেন।

তবে এখন পর্যন্ত হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়া বিমানটি ঠিক কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু স্পষ্ট করা হয়নি।