...|...|...

বিশ্ব

সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, সকাল ৯:২৯ | আপডেট: ৬ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৭
Shares
সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে তুরস্ক ও পাকিস্তান। নতুন পারস্পরিক প্রতিরক্ষা জোটের অঙ্গীকার বাস্তবায়নে এ পদক্ষেপ নেওয়া হবে বলে দেশ তিনটি জানিয়েছে।

সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (৫ অক্টোবর) রিয়াদে এক জরুরি বৈঠকে মিলিত হন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিনিধিরা। বৈঠকে সৌদি আরবের ওপর সাম্প্রতিক হামলা, বিশেষ করে পবিত্র শহর মক্কা ও মদিনাকে লক্ষ্য করে চালানো হামলা নিয়ে আলোচনা হয়। তবে তাঁরা ইরান-সমর্থিত হুথিদের নাম উল্লেখ করা থেকে বিরত থাকেন।

বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে সৌদি আরবের নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকি ‘দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান’ করার অবস্থান পুনর্ব্যক্ত করে দেশ তিনটি।

বিবৃতিতে জানানো হয়, যৌথ প্রতিরক্ষার অঙ্গীকার বাস্তবায়নে অবিলম্বে পদক্ষেপ নিতে সম্মত হয়েছে তিন দেশ। এর অংশ হিসেবে সম্মত সামরিক বাহিনী ও সক্ষমতা নিশ্চিত করে সৌদি আরবে দ্রুত মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সেখানে পৌঁছানোর পর সেনারা কী ধরনের ভূমিকা পালন করবেন, তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।

গত আগস্টে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী, কোনো দেশ আক্রান্ত হলে অন্যরা তাকে সহায়তা করবে। এই জোটের মাধ্যমে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ তুরস্ক, ইসলামি বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তান এবং উপসাগরীয় অঞ্চলের প্রধান শক্তি সৌদি আরব একত্রিত হয়েছে।

গত জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর থেকে সৌদি আরবের শহর, তেল অবকাঠামো ও জাহাজ লক্ষ্য করে বারবার হামলা চালিয়ে আসছে হুথিরা। সেপ্টেম্বরে নতুন অভিযান শুরু করে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারের নিয়ন্ত্রণাধীন বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় গোষ্ঠীটি।

এর জবাবে সোমবার রিয়াদের সহায়তায় পাল্টা অভিযান শুরু করেছে ইয়েমেনি সরকার। অভিযানের লক্ষ্য হুথিদের দখলে থাকা সব এলাকা পুনরুদ্ধার করা। এসব এলাকার কিছু এক দশকেরও বেশি সময় ধরে গোষ্ঠীটির নিয়ন্ত্রণে রয়েছে।