...|...|...

জাতীয়

নতুন করে রেলের জমি লিজ দেওয়া হবে না: রেল প্রতিমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, রাত ১১:৪৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৩১
Shares
নতুন করে রেলের জমি লিজ দেওয়া হবে না: রেল প্রতিমন্ত্রী

ছবি: টাইমস টুডে

নতুন করে বাংলাদেশ রেলওয়ের কোনো জমি লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

তিনি বলেন, বর্তমানে যেসব লিজ রয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে। যেখানে আইনি বাধা থাকবে না, সেখানে লিজ বাতিল করে জমিগুলো পুনর্গঠন করা হবে।

শনিবার (১ আগস্ট) বিকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে নতুন করে রেলের কোনো জমি লিজ দেওয়া হবে না। বিদ্যমান লিজগুলো পর্যবেক্ষণ করে আইনগত সুযোগ থাকলে বাতিল করা হবে। পাশাপাশি রেলের অব্যবহৃত অনেক জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

চট্টগ্রামে রেলের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ এবং কিছু কর্মকর্তার বিরুদ্ধে সেসব স্থাপনা ভাড়া দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটি একটি গণতান্ত্রিক সরকার। জনগণের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে। তাই যেকোনো অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রেলের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান ব্যবস্থায় দলীয়করণের সুযোগ নেই। এরপরও কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রীসেবা উন্নয়নের বিষয়ে তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সেবা বাড়াতে সরকার কাজ করছে। নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত নতুন কর্ড লাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে এবং যাত্রাসময় প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট হ্রাস পাবে।

এ ছাড়া ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এ সময় বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।