...|...|...

সারাদেশ

দুইবার বিকৃতির পর তৃতীয়বারের মতো আঁকা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, রাত ৮:৩৭
Shares
দুইবার বিকৃতির পর তৃতীয়বারের মতো আঁকা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি

তৃতীয়বারের মতো আঁকা হচ্ছে রবীন্দ্রনাথের প্রতিকৃতি। ছবি: টাইমস টুডে

খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি দ্বিতীয়বারের মতো কালো রং দিয়ে বিকৃত করার পর আবারও নতুন করে আঁকা হয়েছে। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে প্রতিকৃতিটি পুনরায় আঁকার কাজ শেষ হয়।

এর আগে গত রবিবার (২২ নভেম্বর) সকালে শিববাড়ি মোড়ের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো রং লেপনের বিষয়টি নজরে আসে। তবে একই দেয়ালে আঁকা অন্য জাতীয় ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি অক্ষত ছিল। এ ঘটনায় নগরজুড়ে আলোচনা তৈরি হয়।

সরেজমিনে দেখা যায়, নগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীতে রেলওয়ের সীমানাপ্রাচীরে জাতীয় ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতির পাশাপাশি জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র আঁকা রয়েছে। সেখানে রয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওসমান হাদির প্রতিকৃতি।

এর আগে গত ৬ নভেম্বর একই দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো কালি মাখিয়ে বিকৃত করে দুর্বৃত্তরা। পরদিন ৭ নভেম্বর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে প্রতিকৃতিটি নতুন করে আঁকা হয়। সে সময় তিনি বলেছিলেন, ‘দুর্বৃত্তরা যতবার মুছবে, ততবার আমরা আঁকব।’

কিন্তু দুই সপ্তাহের ব্যবধানে একই প্রতিকৃতি দ্বিতীয়বারের মতো বিকৃত করার ঘটনা ঘটে। এরপর আবারও কেসিসির উদ্যোগে প্রতিকৃতিটি আগের রূপে ফিরিয়ে আনা হলো।

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে রেজা আর্টের রেজাউল করিম রেজা প্রতিকৃতিটি নতুন করে আঁকার কাজ শুরু করেন। বিকেলের মধ্যেই কাজ শেষ হয়। প্রতিকৃতিটি পুনরায় আঁকার ব্যয় বহন করেছে সিটি করপোরেশন।

একই প্রতিকৃতি বারবার বিকৃত করার ঘটনায় কারা জড়িত, তা এখনো জানা যায়নি। তবে বিকৃতির পরও প্রতিকৃতিটি পুনরায় আঁকার উদ্যোগের মধ্য দিয়ে সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পকর্ম সংরক্ষণের বার্তা দিয়েছে কেসিসি।