...|...|...

সারাদেশ

খুলনায় ১৬ দিনের ব্যবধানে দ্বিতীয়বার রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো কালি

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৪
Shares
খুলনায় ১৬ দিনের ব্যবধানে দ্বিতীয়বার রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো কালি

ছবি: টাইমস টুডে

খুলনার শিববাড়ী মোড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি ঘিরে আবারও ঘটেছে একই ঘটনা। প্রথমবার মুখমণ্ডলে কালো কালি লেপনের পর নতুন করে আঁকা হয়েছিল গ্রাফিতিটি। কিন্তু ১৬ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রাতের আঁধারে সেই গ্রাফিতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। বারবার একই চিত্রকর্মকে লক্ষ্য করে এমন কর্মকাণ্ডে নগরবাসীর মধ্যে ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সকালে নগরীর শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখমণ্ডলে কালো কালি লেপন করা অবস্থায় দেখা যায়। এর আগে গত ৬ নভেম্বর একইভাবে গ্রাফিতিটির মুখ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। পাশাপাশি দেয়ালে সাঁটানো হয়েছিল রবীন্দ্রনাথবিরোধী পোস্টার। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ও ক্ষোভ সৃষ্টি হলে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর তত্ত্বাবধানে গ্রাফিতিটি পুনরায় আঁকা হয়।

তবে নতুন করে আঁকার পরও রক্ষা পায়নি চিত্রকর্মটি। এবারও একই কায়দায় মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, এটি কি নিছক দেয়ালচিত্র নষ্ট করার ঘটনা, নাকি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা সাহিত্যিকের প্রতি বিদ্বেষ থেকে পরিকল্পিতভাবে এমন কর্মকাণ্ড চালানো হচ্ছে?

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন সড়ক ও দেয়ালে ইতিহাস, ঐতিহ্য এবং দেশের বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি ও গ্রাফিতি আঁকা হয়। এরই অংশ হিসেবে শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে স্থান পায় বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ও নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি।

কিন্তু সেই সৌন্দর্যবর্ধনের উদ্যোগের মধ্যেই প্রথমবার গ্রাফিতিটি বিকৃতির শিকার হয়। ৬ নভেম্বরের ঘটনার পর নতুন করে আঁকা হলেও এবার আবারও একই ঘটনা ঘটল। এতে শুধু একটি দেয়ালচিত্রের সৌন্দর্য নষ্ট হয়নি, বরং নগরীর সাংস্কৃতিক পরিবেশ ও মুক্তচিন্তার চর্চা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে। তাদের মতে, কোনো ব্যক্তি বা সাহিত্যিকের প্রতি মতাদর্শগত আপত্তি থাকলেও এভাবে প্রকাশ্য স্থানে তার প্রতিকৃতি বিকৃত করা গ্রহণযোগ্য নয়। একই ঘটনায় দ্বিতীয়বারের পুনরাবৃত্তি হওয়ায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ‘আমি একটু আগে বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। তারা দেখে প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।’

একই গ্রাফিতি দুই দফায় বিকৃতির ঘটনায় কারা জড়িত, কেন বারবার রবীন্দ্রনাথের প্রতিকৃতিকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং আগের ঘটনার পরও কীভাবে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। পুলিশের তদন্তের মাধ্যমে ঘটনার পেছনের উদ্দেশ্য ও জড়িতদের পরিচয় সামনে আসে কি না, সেটিই এখন দেখার বিষয়।