...|...|...

বিশ্ব

ট্রাম্পের ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকিকে কৌশলগত মরিয়া ভাব বলল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৩৩
Shares
ট্রাম্পের ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকিকে কৌশলগত মরিয়া ভাব বলল ইরান

ছবি: সংগৃহীত

ইসলামিক রিপাবলিককে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘কৌশলগত মরিয়া ভাব’-এর লক্ষণ হিসেবে অভিহিত করেছে ইরান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের মেহর বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে দেশটির জেনারেল স্টাফ ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আগের যেকোনো সময়ের চেয়ে আরও তীব্র ও ‘বিধ্বংসী’ পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

বিবৃতিতে ইরানের জেনারেল স্টাফ অভিযোগ করে, ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চকে ‘আগ্রাসনের যৌক্তিকতা’ তুলে ধরার জন্য ব্যবহার করেছেন।

বিবৃতিতে বলা হয়, “এ ধরনের বক্তব্য ইরানি জাতির বিরুদ্ধে আমেরিকার আগ্রাসনের ক্ষেত্রে তাদের কৌশলগত অচলাবস্থাকে প্রকাশ করে।”

ইরানের সামরিক কর্তৃপক্ষ আরও দাবি করে, ট্রাম্পের বারবার দেওয়া হুমকি শক্তির প্রকাশ নয়; বরং এটি তাদের কৌশলগত মরিয়া ভাব ও অসহায়ত্বের লক্ষণ।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এমন হামলার জন্য প্রস্তুত, যা যুদ্ধের আগের যেকোনো সময়ের তুলনায় আরও ‘বিধ্বংসী ও অপ্রত্যাশিত’ হতে পারে।