...|...|...

বিশ্ব

টানা ৬৫ দিন সূর্য উঠবে না যুক্তরাষ্ট্রের যে শহরে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫২
Shares
টানা ৬৫ দিন সূর্য উঠবে না যুক্তরাষ্ট্রের যে শহরে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কার সর্ব-উত্তরের শহর উৎকিয়াগভিকে আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে দীর্ঘ ‘পোলার নাইট’। এরপর টানা ৬৫ দিন সেখানে সূর্যোদয় হবে না। আগামী বছরের ২৩ জানুয়ারি আবার সূর্যের দেখা পাবেন শহরটির বাসিন্দারা।

সবচেয়ে অন্ধকার সময়েও দুপুরের দিকে দক্ষিণ আকাশে কিছুটা আলোর আভা দেখা যাবে। তবে দিগন্তের ওপরে সূর্য দেখা দেবে না।

আগামী ২৩ জানুয়ারি স্থানীয় সময় দুপুর ১টার কিছুক্ষণ পর সূর্য উঠবে। সেদিনও মাত্র প্রায় এক ঘণ্টা আকাশে থাকবে সূর্য।

উৎকিয়াগভিক সুমেরু বৃত্তের প্রায় ৩২০ মাইল উত্তরে এবং চুকচি ও বিউফোর্ট সাগরের সংযোগস্থলের কাছাকাছি অবস্থিত। আলাস্কার মূল ভূখণ্ডের সাথে শহরটির স্থায়ী কোনো সড়ক যোগাযোগ নেই। অ্যাঙ্কোরেজ বা ফেয়ারব্যাঙ্কস থেকে বিমানে সেখানে যেতে হয়।

সূর্যহীন দিনেও থেমে থাকে না জীবন

জানুয়ারিতে উৎকিয়াগভিকের গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে শূন্য ডিগ্রি ফারেনহাইটের প্রায় ৫ ডিগ্রি নিচে।

শহরটিতে পাঁচ বছর বসবাস করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কির্স্টেন আলবার্গ জানিয়েছেন, পোলার নাইটের সময় প্রচণ্ড ঠান্ডা সামলাতে গরম পোশাকে নিজেকে পুরোপুরি ঢেকে বাইরে বেরোতে হতো তাকে।

শহর ছেড়ে যাওয়ার পর নর্দার্ন লাইটস এবং রাতের অন্ধকারে শহরের আলোর ঝলকানি তিনি খুব মিস করতেন।

২০২৩ সালে অ্যাকুওয়েদারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা নিয়ে সবাই রোমাঞ্চিত থাকে। আপনারও মনে হবে, এটি দারুণ এক অভিজ্ঞতা।’

উৎকিয়াগভিকে বেড়ে ওঠা আলোকচিত্রী ইবেন ডব্লিউ হপসন ২০২৫ সালে ইউনিল্যাডকে বলেন, দীর্ঘ শীত ও অন্ধকারেও স্থানীয়দের জীবন থেমে থাকে না।

তিনি বলেন, ‘আপনি যদি সারা বছর এখানে থাকেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন, তবে কাজ, সেলাই, শিকার আর মাছ ধরার মধ্যেই দিন কেটে যায়। আপনি সব সময় ব্যস্তই থাকবেন।’

শহরটির বাসিন্দা ম্যালকম নোবেল আলাস্কা পাবলিক মিডিয়াকে বলেন, ‘সূর্য ফিরে এলে এখানকার পরিবেশ পুরোপুরি বদলে যায়। মানুষের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। তখন কেবলই বাইরে বেরিয়ে আসতে ইচ্ছে করে।’

আগামী ২৩ জানুয়ারি দুপুরে সূর্য উঠলেও প্রায় এক ঘণ্টার মধ্যেই আবার অস্ত যাবে।

তবে এর মাত্র আট দিন পর, জানুয়ারির শেষ দিনে, পরিস্থিতি দ্রুত বদলে যাবে। সেদিন দুপুর ১২টার আগেই সূর্য উঠবে এবং প্রায় চার ঘণ্টা দিগন্তের ওপরে অবস্থান করবে।