...|...|...

খেলা

জাপানে জমকালো আয়োজনে শুরু হলো ২০তম এশিয়ান গেমস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৫৪ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২০
Shares
জাপানে জমকালো আয়োজনে শুরু হলো ২০তম এশিয়ান গেমস

নানা চড়াই-উতরাই ও প্রাকৃতিক প্রতিকূলতা পেরিয়ে জাপানের নাগোয়া শহরের পালোমা মিজু স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০তম এশিয়ান গেমস। জাপানের সম্রাট নারুহিতো আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন ঘোষণা করেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীকে সম্মানজনক অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি কার্স্টি কভেন্ট্রির পাশের আসনে তাদের বসানো হয়। প্রায় দুই ঘণ্টার এই আয়োজনে জাপানের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণকারী দেশগুলোর অ্যাথলেট ও কর্মকর্তাদের মার্চপাস্ট। স্টেডিয়ামে নিজ নিজ দেশের প্রতিনিধিদল প্রবেশের সময় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। অলিম্পিকে স্বর্ণপদকজয়ী জাপানের সাবেক অ্যাথলেটরা এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) পতাকা বহন করেন। গেমসের মশালও বহন করেন বিভিন্ন সময়ে অলিম্পিকে স্বর্ণপদকজয়ী সাবেক অ্যাথলেটরা।

ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে আফগানিস্তান ও বাহরাইনের পর তৃতীয় দল হিসেবে স্টেডিয়ামে প্রবেশ করে বাংলাদেশ। বাংলাদেশের পতাকা বহন করেন শুটার আবদুল্লাহ হেল বাকী ও কারাতেকা হুমায়রা আক্তার প্রিয়া।

এবারের এশিয়ান গেমসে ৪৩টি ডিসিপ্লিনের মধ্যে ২২টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। অ্যাথলেট ও কর্মকর্তা মিলিয়ে বাংলাদেশের প্রায় ২৫০ সদস্যের দল অংশ নিচ্ছে এবারের আসরে।

নাগোয়া ও আইচি প্রিফেকচারে আয়োজিত এবারের আসরে ১১ হাজারের বেশি অ্যাথলেট ও প্রায় ৬ হাজার কর্মকর্তা অংশ নিচ্ছেন। বিপুলসংখ্যক অংশগ্রহণকারীর আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আয়োজকদের বাড়তি চাপ সামলাতে হচ্ছে।

এরই মধ্যে গত সপ্তাহে রেকর্ড বৃষ্টিতে নাগোয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পাশাপাশি পূর্ব জাপানের দিকে একটি টাইফুন এগিয়ে আসছে, যা আগামী কয়েক দিনে আয়োজনে আরও বিঘ্ন ঘটাতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল-থানি বলেন, এশিয়ার বিভিন্ন সংঘাত এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংঘাতের বিরুদ্ধে ঐক্যের বার্তা তুলে ধরাই উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।

এবারের এশিয়ান গেমসে ৪০টির বেশি খেলায় এশিয়ার সেরা অ্যাথলেটরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। অ্যাথলেটিকস, সাঁতার, ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট, কাবাডি ও সেপাক টাকরোর পাশাপাশি থাকছে ই-স্পোর্টস, ব্রেকড্যান্সিং ও বিএমএক্স সাইক্লিং।

প্যাডেল ও মিক্সড মার্শাল আর্টস এবারই প্রথম এশিয়ান গেমসের অন্তর্ভুক্ত হয়েছে। আসরের সাতটি খেলায় ২০২৮ সালের অলিম্পিকে জায়গা পাওয়ার সুযোগও রয়েছে।

২০২৩ সালে কোভিড-১৯ মহামারির কারণে বিলম্বিত সর্বশেষ হাংঝু এশিয়ান গেমসে নিজেদের মাটিতে ২০১টি স্বর্ণসহ মোট ৩৮৩টি পদক জিতেছিল চীন। এবারও তারা শক্তিশালী দল নিয়ে অংশ নিচ্ছে।

এশিয়ান গেমসের এবারের আসর শেষ হবে ৪ অক্টোবর। জাপানে এ নিয়ে তৃতীয়বারের মতো এশিয়ান গেমস অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ১৯৫৮ সালে টোকিও এবং ১৯৯৪ সালে হিরোশিমায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।

বাস্কেটবল, ফুটবল ও ক্রিকেটসহ কয়েকটি খেলার প্রতিযোগিতা ইতোমধ্যে শুরু হয়েছে।