চট্টগ্রাম নগরের জেলা পুলিশ লাইন্সের সামনে থেকে চুরি হওয়া পুলিশের একটি পিকআপ ভ্যান তিন ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ।
পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানা-পুলিশের এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুই কনস্টেবলসহ তিন সদস্যের একটি টহল দল পিকআপ ভ্যান নিয়ে দায়িত্ব পালন করছিল। দুপুরের খাবার খেতে তারা জেলা পুলিশ লাইন্সের ফটকের পাশে অবস্থিত পুনাক ক্যান্টিনে যান। প্রায় ১০ মিনিট পর খাবার শেষে বাইরে এসে দেখেন, তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি সেখানে নেই।
এরপর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। ফুটেজে দেখা যায়, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের পরপরই এক ব্যক্তি নিজের কাছে থাকা চাবি দিয়ে পিকআপ ভ্যানটির দরজা খোলেন। পরে তিনি গাড়িতে উঠে সেটি চালিয়ে আগ্রাবাদের দিকে চলে যান।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, হালিশহর থানা-পুলিশের একটি টহল দল খাবার খেতে ক্যান্টিনে গেলে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে চাবি দিয়ে গাড়ির দরজা খুলে নিয়ে যেতে দেখা গেছে। পরে কর্ণফুলী থানা-পুলিশ অভিযান চালিয়ে ফকিরনীর হাট এলাকা থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করে।
কর্ণফুলী থানার ওসি নূর আহমদ বলেন, হালিশহর এলাকা থেকে চুরি হওয়া পুলিশের পিকআপ ভ্যানটি ফকিরনীর হাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


