...|...|...

সারাদেশ

মানিকগঞ্জের টিটিসি থেকে ৩৪ কম্পিউটার চুরি

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, রাত ৮:১৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, রাত ৮:২০
Shares
মানিকগঞ্জের টিটিসি থেকে ৩৪ কম্পিউটার চুরি

ছবি: টাইমস টুডে

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে ৩৪টি কম্পিউটার ও দুটি ল্যাপটপ চুরি হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে প্রতিষ্ঠানের একটি কক্ষের তালা ভেঙে এসব সরঞ্জাম নিয়ে যায় দুর্বৃত্তরা। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

চুরির বিষয়টি জানাজানি হলে প্রশিক্ষণ কেন্দ্রজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় এবং দুজন নিরাপত্তাকর্মী দায়িত্বে থাকা অবস্থায় এমন চুরির ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

সিংগাইর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাজেরা খাতুন চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত ১টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টার মধ্যে প্রতিষ্ঠানের ৩৪টি কম্পিউটার ও দুটি ল্যাপটপ থেকে প্রসেসর, হার্ডডিস্কসহ মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে চোরেরা। বিদেশি এইচপি ব্র্যান্ডের অল-ইন-ওয়ান ধরনের প্রতিটি কম্পিউটারের আনুমানিক দাম এক লাখ টাকা।

তিনি আরও জানান, কক্ষের তালা ভেঙে এসব সরঞ্জাম চুরি করা হয়েছে। ঘটনার সময় প্রতিষ্ঠানে দুজন নিরাপত্তাকর্মী দায়িত্বে ছিলেন।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, চুরির খবর পাওয়ার পর তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।