...|...|...

সারাদেশ

চট্টগ্রামে পুলিশের চুরি হওয়া পিকআপ ভ্যান উদ্ধার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ভোর রাত ৪:২১
Shares
চট্টগ্রামে পুলিশের চুরি হওয়া পিকআপ ভ্যান উদ্ধার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে টহল দলের চুরি হওয়া পুলিশের পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার ফকিন্নিরহাট এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে পিকআপটি চুরি করে নিয়ে যাওয়া ব্যক্তিকে এখনো গ্রেফতার করা যায়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন জানান, বুধবার দুপুরে নগরের ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইন্সের সামনে থেকে হালিশহর থানা পুলিশের একটি টহল পিকআপ ভ্যান চুরি হয়। টহল দলের সদস্যরা গাড়িটি রেখে পাশের পুনাক ক্যান্টিনে খাবার খেতে গেলে এ ঘটনা ঘটে।

তিনি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি নিজের কাছে থাকা চাবি দিয়ে পিকআপটির দরজা খুলে চালিয়ে নিয়ে যান। ঘটনার পরপরই গাড়িটি উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার ফকিন্নিরহাট এলাকা থেকে পিকআপটি উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, হালিশহর এলাকা থেকে চুরি হওয়া পুলিশের পিকআপটি ফকিন্নিরহাট এলাকায় পাওয়া গেছে। তবে যিনি গাড়িটি চুরি করেছেন, তাকে এখনো শনাক্ত করে গ্রেফতার করা যায়নি। তাঁকে ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে।

এর আগে সিসিটিভি ফুটেজে দেখা যায়, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের পরপরই এক ব্যক্তি নিজের কাছে থাকা চাবি দিয়ে পিকআপটির দরজা খুলে চালকের আসনে বসেন। এরপর গাড়িটি চালিয়ে আগ্রাবাদের দিকে চলে যান।

এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন।