নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির আয়োজিত মিছিলে হামলার ঘটনায় দলটির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।
বুধবার রাতে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। রাত ১০টার দিকে তিনি এ তথ্য জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার কালিয়া উপজেলা শহরে মিছিল বের করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
এতে কৃষকদল নেতা শাহিন ও জাসাস নেতা সোহেল মোল্লা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।



