...|...|...

রাজনীতি

আ.লীগকে বাদ দিয়ে জাতীয় সংলাপ হতে পারে না: রুমিন ফারহানা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, রাত ১০:১৪
Shares
আ.লীগকে বাদ দিয়ে জাতীয় সংলাপ হতে পারে না: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

জাতীয় সংলাপ করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার মতে, আওয়ামী লীগকে বাদ দিয়ে আলোচনা হতে পারে, তবে সেটিকে জাতীয় সংলাপ বলা যাবে না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

টকশোতে জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা এবং আওয়ামী লীগের অংশগ্রহণের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘আপনি যদি আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা করেন, তাহলে সেটা যেকোনো কিছু হতে পারে, কিন্তু জাতীয় সংলাপ হতে পারে না।’

আলোচনায় আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, দেশে ৪০ শতাংশ মানুষ আওয়ামী লীগ করে। শেখ হাসিনা দেশ ছাড়ার সময়ও দলটির সমর্থন ২৫ শতাংশ ছিল বলে বিভিন্ন জরিপের তথ্য উল্লেখ করেন তিনি। রুমিনের মতে, এত বিপুলসংখ্যক মানুষকে আলোচনার বাইরে রেখে কোনো উদ্যোগকে জাতীয় সংলাপ বলা সম্ভব নয়।

আওয়ামী লীগকে আলোচনায় বসানোর আগে দলটিকে অপরাধ স্বীকার ও অনুশোচনা করতে হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনি তাদের টেবিলে আনেন। ন্যায়বিচার নিশ্চিত করেন।’

দলটির ক্ষমা চাওয়ার প্রসঙ্গে রুমিন বলেন, ‘তারা করবে কি না জানি না, আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না। এদের কাছে কী? চাইতাম, যদি আমার চেয়ে বেটার শাসন তুমি দিতে পারতা।’

তবে আওয়ামী লীগ অপরাধ করেছে কি না, এমন প্রশ্নে তিনি স্পষ্ট করে বলেন, ‘সার্টেইনলি (অবশ্যই)।’

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, যারা অপরাধ করেছে, তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি দলটিকে আলোচনার টেবিলে এনে নিজেদের কর্মকাণ্ড নিয়ে তারা লজ্জিত বা অনুতপ্ত কি না, সেটিও জানতে হবে।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ‘এখন আমাদের ওয়েট অ্যান্ড সি ছাড়া কোনো অপশন নাই, আমরা যারা পলিটিশিয়ান। আমি প্যাশনেটলি রাজনীতিটা করি। এখন সামনের পরিস্থিতি অত্যন্ত কুয়াশাচ্ছন্ন এবং ঘোলা। অনেক কিছুই জানুয়ারির মধ্যে পরিষ্কার হবে।’

রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়তে থাকা দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ জানান তিনি। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপট নিয়ে নিজের পড়াশোনার অভিজ্ঞতা তুলে ধরে রুমিন বলেন, ধর্মীয় বিভাজনের মতো রাজনৈতিক মত ও পথের পার্থক্য থেকেও সমাজে বিভক্তি ও সহিংসতা তৈরি হচ্ছে।

তিনি বলেন, ‘বিভাজনটা এখন ধর্মের ভিত্তিতে না হলেও আরও বহু কারণে বহু রাজনৈতিক মত এবং পথের কারণে আমি ওই হিংস্রতাটা দেখি। রাজনীতিবিদরা একজন আরেকজনের সঙ্গে বসে চা খাওয়া তো দূরের কথা, তাকায়ও না পর্যন্ত। এটা কোনো ভালো দিকে আপনাকে নেবে না।’